কলকাতা: আদালত অবমাননার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস থেকে জারি হওয়া এই নোটিসে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার ঘটনায় রুল জারি করা হবে না, জবাবে তা স্পষ্ট করতে হবে অভিষেককে। এই নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই শোকজ়, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।
রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা। এবার বিতর্কের কেন্দ্রে এমন এক ঘটনা, যার পরিণতি হতে পারে সুদূরপ্রসারী। রাজনৈতিক মঞ্চে করা মন্তব্যের রেশ এবার পৌঁছে গেল বিচার বিভাগের দরজায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাবদিহি করতে হবে। অন্যথায় অপেক্ষা করছে আরও বড় আইনি পদক্ষেপ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আদালতের এই পদক্ষেপে কি নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছে তৃণমূল নেতৃত্ব?
আদালত অবমাননার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার, ১৭ নভেম্বর বিচারপতি কৃষ্ণা রাও এর এজলাস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে হবে। কেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
কিন্তু, ঠিক কি কারনে এই পদক্ষেপ? জানা গিয়েছে, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের একাধিক মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় করা পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। নিজের ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকাকালীন বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি বিচারপতিদের একাংশ বিজেপির হয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ।
গত ৭ নভেম্বর কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে দুষ্কৃতীদের আনাগোনা ও হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার পর এক্স হ্যান্ডেল এ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কে 'নীরব দর্শক' বলেও কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্য নিয়েই আদালতে আপত্তি ওঠে।
এর আগে ১২ ও ১৩ নভেম্বরের শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের সাক্ষাৎকারের ভিডিও এবং প্রতিলিপি আদালতে জমা দেন। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্যে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই প্রেক্ষিতেই ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মূল মামলাটিও নিষ্পত্তি করেছে আদালত। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরকে আগামী দুই সপ্তাহের মধ্যে রিভিউ কমিটি গঠন করে তাঁর নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এখন নজর, ১৫ দিনের মধ্যে আদালতে কি জবাব দেন অভিষেক।




