স্পোর্টস ডেস্ক: ধর্ষণ-সহ একাধিক যৌন অপরাধের মামলায় গ্রেফতার হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় কাটাতে হয়েছে জেলে। গত ১৮ সেপ্টেম্বর জামিন পেয়েছেন। আর তার ঠিক কয়েক দিনের মধ্যেই বাংলার ক্রিকেট দলে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। আসন্ন রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য অসমের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে গুয়াহাটিতে যাচ্ছে বাংলা। সেই দলের ১৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিষেক। মঙ্গলবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এই দল ঘোষণা করেছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়।
এ বছরের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪টি ম্যাচ খেলেছিলেন অভিষেক। তার পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। গত ১১ অগাস্ট কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন এই ক্রিকেটার। এক তরুণী মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অভিষেক। পাশাপাশি, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও করেন ওই তরুণী। যদিও গ্রেফতারের আগে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক।
মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯টি ধারায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার মধ্যে অধিকাংশ ধারাই জামিন অযোগ্য। তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারাও যুক্ত হয় মামলায়। এক মাসেরও বেশি সময় জেলবন্দি থাকার পর গত ১৮ সেপ্টেম্বর জামিন পান তিনি। এর আগে ১১ অগাস্ট কলকাতা হাই কোর্টে মামলাটি ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে অভিষেকের গ্রেফতারের কথা জানায় মগরা থানার পুলিশ। পরে তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তাঁর কাছে থাকা বৈদ্যুতিন যন্ত্রগুলি পরীক্ষা করার নির্দেশ দেন বিচারক। এই মামলায় পরে অভিষেকের আরও এক বন্ধুকে এবং অভিযোগকারিণীকেও গ্রেফতার করে পুলিশ।
জামিন পাওয়ার পরেই বাংলার দলে প্রত্যাবর্তন অভিষেকের। রঞ্জি ট্রফির নতুন মরশুমের আগে অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে দেখে নিতে চাইবে বাংলার টিম ম্যানেজমেন্ট। ৩০ সেপ্টেম্বর কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে বাংলা দল। ৬ অক্টোবর ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। সুদীপের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্ল, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, আমির গনি, সৌম্যদীপ মণ্ডল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, গীত পুরী এবং ঈশান পোড়েল। তবে মামলার আইনি প্রক্রিয়া চলার মধ্যেই ক্রিকেটে ফিরছেন অভিষেক।