শিলিগুড়ি, রেশমি ব্যানার্জি: নিরাপত্তা মজবুত করতে ও প্রশাসনিক কাজেকে গতিশীল ও মসৃণ করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এবার শিলিগুড়ির ৮০ একর জমির উপরে গড়ে উঠতে চলেছে নতুন প্রশাসনিক ভবন। শিলিগুড়ি থেকে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রকল্পে প্রশাসনিক ভবন ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল বা SSB-র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন আবাসিক ও অনাবাসিক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। SSB-র পরিকাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করার চিন্তা ভাবনা করেই এই নতুন প্রশাসনিক ভবন।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শিলিগুড়ি করিডর সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।" এরই পাশাপাশি তিনি ঘোষণা করেন, "৮০ একর জমিতে এখানে গড়ে উঠবে প্রশাসনিক ভবন।"
প্রসঙ্গত, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই শিলিগুড়ি করিডোর। ভৌগোলিক অবস্থানের কারণে এই সরু ভূখণ্ডের নিরাপত্তা বরাবরই বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে। ফলে এই এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের অত্যন্ত স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর। গোটা দেশের মানুষ এই জায়গাকে 'চিকেন নেক' বলেও চেনেন। নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে ওঠার ফলে SSB-র কাজের পরিধি যেমন বাড়বে একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে ‘চিকেন নেক’-এর নিরাপত্তায় এবার আরও করা পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র। শিলিগুড়িতে নতুন প্রশাসনিক ভবন ঘিরে উত্তরবঙ্গের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।
নতুন এই প্রশাসনিক ভবন তৈরি হলে নিরাপত্তা আরও মজবুত হবে গুরুত্বপূর্ণ এই রাস্তার। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গবাসীরা। রাজনৈতিক পালাবদলের পর কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে।