কলকাতা: শহরের রাস্তা ও ফুটপাথ পরিষ্কার রাখা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই নির্দেশ বাস্তবে কতটা মানা হচ্ছে, তা দেখতে মঙ্গলবার সল্টলেকে পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। আর সেখানেই ফুটপাথের উপর নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠলেন মন্ত্রী।
প্রতিদিন সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন অগ্নিমিত্রা পাল। কোথাও বেআইনি পার্কিং, কোথাও রাস্তার উপর আবর্জনা কিংবা ফুটপাথ দখল—চোখে পড়লেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের চলাচলের জায়গা কোনওভাবেই দখল করে রাখা যাবে না।
মঙ্গলবার সল্টলেক পরিদর্শনের সময় প্রথমেই তাঁর নজরে আসে ফুটপাথের উপর দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়ি। এরপর কিছুটা এগোতেই একটি নির্মীয়মাণ বাড়ির সামনে ফুটপাথ জুড়ে ইট, সুরকি, চুন ও বালি পড়ে থাকতে দেখেন তিনি।
পরিস্থিতি দেখে আর চুপ থাকেননি মন্ত্রী। এক ব্যক্তিকে ডেকে সরাসরি প্রশ্ন করেন, “আপনার মাথায় কোনও আক্কেল নেই?” ওই ব্যক্তি জিনিসপত্র সরিয়ে দেওয়ার কথা বললে অগ্নিমিত্রা পাল পাল্টা জানতে চান, “কখন সরাবেন? আজ আমি এসেছি বলে সরাবেন?”
এরপর ফুটপাথের গুরুত্ব বোঝাতে তাঁকে সতর্ক করেন মন্ত্রী। বলেন, ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার জায়গা। সেখানে নির্মাণসামগ্রী রেখে কাজ করা উচিত নয়। বিষয়টি জানা সত্ত্বেও কেন এভাবে ফুটপাথ দখল করে রাখা হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শুধু ধমক দিয়েই থেমে থাকেননি অগ্নিমিত্রা। আজ রাতের মধ্যেই পুরো জায়গাটি পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিয়ে রিপোর্টও দেখতে চান বলে জানিয়ে দেন।
তাঁর কড়া বার্তা, প্রশাসনের নজর এড়িয়ে ফুটপাথ বা রাস্তা দখল করে রাখার দিন শেষ। সাধারণ মানুষের চলাচলের জায়গা পরিষ্কার ও দখলমুক্ত রাখতেই হবে।
সল্টলেকের রাস্তায় মন্ত্রীর এই আচরণ ইতিমধ্যেই নজর কেড়েছে। প্রশ্ন উঠছে, শহরের অন্যান্য এলাকাতেও কি এবার একইভাবে সরেজমিনে গিয়ে বেআইনি দখল ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন অগ্নিমিত্রা?