মুম্বই: রবিবার সকাল মানেই মুম্বইয়ের ‘জলসা’-র সামনে অনুরাগীদের ভিড়। দীর্ঘ কয়েক দশক ধরে এই ছবির কোনও পরিবর্তন হয়নি। ছুটির দিনে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কিন্তু এবারের রবিবারের ছবিটা ছিল একেবারেই আলাদা। প্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা, কিন্তু তাঁদের ও অমিতাভের মাঝে ছিল বুলেটপ্রুফ কাচের দেওয়াল! বাড়ির ব্যালকনিতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে দেখা গেল বিগ বি-কে। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও।
কিন্তু হঠাৎ কেন এমন নিরাপত্তার ব্যবস্থা? জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বোমা হামলার হুমকি ঘিরেই এই সতর্কতা। কয়েক দিন আগে একটি বেনামি ইমেল আসে। সেই ইমেলে অমিতাভের বাড়ি, গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের মেয়রের অফিসে হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে।
হুমকির ইমেলে উল্লেখ করা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই হামলা চালানো হতে পারে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেই কারণে ‘জলসা’র চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোটা এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী। বাড়ির বাইরে নজরদারিও জোরদার করা হয়েছে।
বুলেটপ্রুফ কাচের ওপার থেকেই অনুরাগীদের অভিবাদন
বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই মনে করেছিলেন, নিরাপত্তার কারণে হয়তো এবার রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করবেন না অমিতাভ। কিন্তু নিজের দীর্ঘদিনের অভ্যাস ভাঙলেন না অভিনেতা। নির্ধারিত সময়েই বাড়ির ব্যালকনিতে হাজির হন তিনি। তবে এবার খোলা জায়গায় নয়, বিশেষ বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের দিকে হাত নাড়েন বিগ বি।
এই সময় তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিলেন অভিষেক বচ্চন। বাবার নিরাপত্তার দিকে নজর রাখছিলেন তিনি। বাইরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ও ব্যারিকেড।
উল্লেখ্য, হুমকির পর আগের রবিবারও অনুরাগীদের সঙ্গে দেখা করেছিলেন অমিতাভ। তবে এবার নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রিয় অভিনেতাকে দূর থেকেই দেখতে পেলেও তাঁর এই উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তবে উৎসবের মরশুমে এমন হুমকি ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। ইমেলটির উৎস এবং হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




