নিউজ ডেস্ক : একদিকে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে নতুন করে খেলা শুরু করার সুযোগ। কয়েক মুহূর্তের ব্যবধানে বদলে গেল বিগ বসের ঘরের পরিবেশ। যাঁকে নিয়ে এতক্ষন বিদায়ের আবহ তৈরি হয়েছিল তাঁর ভাগ্যে যে অন্য কিছু অপেক্ষা করছে, তা ঘুনাক্ষরেও টের পাননি ঘরের বাকি সদস্যরা। আর এই নাটকীয় পরিস্থিতির মাঝেই ক্যামেরার সামনে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রাজবীর দে। প্রিয় মানুষটিকে হারানোর আশঙ্কায় চোখের জলে ভাসলো তাঁর মুখ।
রবিবার, ১ নভেম্বর 'দাদার দরবার' পর্বে নন্দিনী দত্তের নাম এলো এলিমিনেশন এর তালিকায়। দর্শকদের কম ভোট পাওয়ায় তাঁকে ঘর ছাড়ার কথা জানান সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবর শুনে কার্যত ভেঙে পড়েন রাজবীর। নন্দিনীকে বিদায় জানাতে নারাজ তিনি। এমনকি, সৌরভের সামনে হাতজোড় করে অনুরোধ করেন, কোনওভাবে যেন নন্দিনীকে আটকে রাখা হয়। কিন্তু তখনও যে আসল চমক বাকি, তা জানতেন না কেউই।
বিদায়ের আগে রাজবীর ও নন্দিনীর মুহূর্ত ঘিরে তৈরি হয় আবেগের আবহ। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তাঁরা। শেষ মুহূর্তে জ্যাকেটের আড়ালে নন্দিনীকে চুম্বন করেন রাজবীর। নন্দিনীর হাতে স্মৃতি হিসেবে তুলে দেওয়া হয় একটি শুকনো গোলাপ। তাঁদের এই আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে।
কিন্তু, নন্দিনীর বিগবস সফর কি সত্যিই শেষ? না, এখানেই আসে পর্বের সবচেয়ে বড় টুইস্ট। মূল ঘর থেকে বেরিয়ে গেল প্রতিযোগিতা থেকে ছিটকে যাননি তিনি। বরং তাঁকে পাঠানো হয়েছে বিশেষ সিক্রেট রুমে। সেখান থেকে গোপনে ঘরের প্রত্যেক সদস্যের গতিবিধি, কথাবার্তা এবং গেম প্ল্যান এর ওপরে নজর রাখতে পারবেন নন্দিনী। পাশাপাশি বিগবস এর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন তিনি। অর্থাৎ আড়ালে থেকে এবার খেলায় প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে তাঁর হাতে।
এই সুযোগ পেয়ে নিজেকে 'কুইন' বলে উল্লেখ করেছেন নন্দিনী। এদিকে আগামী সপ্তাহ থেকে ঘরের দায়িত্ব সামলাবেন তিন ক্যাপ্টেন- সৌরভ, জিতু ও সৃজলা। তবে, এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতুহল, সিক্রেট রুমে বসে নন্দিনী কাদের আসল মুখোশ খুলতে পারবেন? রাজবীরের খেলার ধরণ এই বাকি পরিবর্তন আসবে? বিদায়ের কান্না কি এবার নতুন কোনও প্রত্যাবর্তনের গল্প লিখবে? বিগবসের ঘরে আপাতত সেই অপেক্ষাই।




