বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে ছবির অভিনয় বা ভিএফএক্সের পাশাপাশি এবার বিশেষ চর্চায় উঠে এল এর সঙ্গীত। কারণ, এই ছবির সুর তৈরি করতে প্রায় তিন বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। শুধু তাই নয়, ‘রামায়ণ’-এর কাজে সম্পূর্ণ মনোনিবেশ করতে গিয়ে একের পর এক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।
এই ছবিতে রহমানের সঙ্গে যৌথভাবে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হলিউডের বিখ্যাত সুরকার হ্যান্স জিমার। দুই বিশ্বখ্যাত সুরকারের এই যুগলবন্দি নিয়ে প্রথম থেকেই দর্শক ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের অভিজ্ঞতা ভাগ করে রহমান জানিয়েছেন, প্রায় তিন বছর ধরে তাঁরা ‘রামায়ণ’-এর সঙ্গীত নিয়ে কাজ করছেন। ছবির বিভিন্ন চরিত্র ও পরিস্থিতির জন্য আলাদা আলাদা থিম তৈরি করা হয়েছে। এমনকী, কোনও কোনও সুরের ১২ থেকে ১৩টি পর্যন্ত সংস্করণ তৈরি করতে হয়েছে। ‘রাবণ তাণ্ডব’-এর সুর তৈরির ক্ষেত্রেও একাধিক সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে পছন্দসই সুরটি চূড়ান্ত করা হয়।
কেন এতগুলি ছবির কাজ ফিরিয়ে দিলেন রহমান? তাঁর কথায়, ‘রামায়ণ’-এর জগতে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই প্রায় ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকী, বেশ কয়েকজন প্রথম সারির পরিচালকের ছবিতেও কাজ করার সুযোগ ছাড়তে হয়েছে তাঁকে। তবে এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। বরং এমন একটি বিশাল সৃজনশীল কাজের অংশ হতে পেরে তিনি গর্বিত।
রহমানের কাছে সঙ্গীত কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং শিল্পীসত্তার প্রকাশ। যে কাজের সঙ্গে মানসিক ও সৃজনশীল সংযোগ তৈরি হয়, সেই কাজকেই তিনি অগ্রাধিকার দিতে চান। ভারতীয় শাস্ত্রীয় ও আঞ্চলিক সঙ্গীতের বৈচিত্র্যের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটানোর দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন ও কাজল আগরওয়ালকে।
জানা গিয়েছে, ছবির দ্বিতীয় কিস্তি ২০২৮ সালে মুক্তি পেতে পারে। এখন দেখার, তিন বছরের সাধনা এবং রহমান-জিমারের সুরের জাদু বড় পর্দায় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।




