নিউজ ডেস্ক: ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। শনিবার, ৩১ অক্টোবর দেশের ২৯তম চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আগামী ১ নভেম্বর থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। ভারতীয় বায়ুসেনার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পরে অবসর নেন বর্তমান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংহ। শনিবার তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অফ অনার’ দিয়ে বিদায় জানানো হয়। তাঁর জায়গাতেই নতুন প্রধানের হাতে বায়ুসেনার দায়িত্ব তুলে দেওয়া হয়।
প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতা রয়েছে আশুতোষ দীক্ষিতের। ১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম তাঁর। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর তিনি বায়ুসেনার ফাইটার বিভাগে যোগ দেন। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী। যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাই লট হিসেবে ককপিটে ৩৫০০ ঘণ্টারও বেশি সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, জাগুয়ার, কিরণ, আইএল-৭৮, হক এবং তেজস-সহ বহু যুদ্ধবিমান উড়িয়েছেন।
কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ও মহড়ার সঙ্গে যুক্ত ছিলেন নতুন বায়ুসেনা প্রধান। অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষক এবং অপারেশন সিঁদুরের মতো অভিযানে তাঁর অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় তাঁর ভূমিকা নিয়ে সামরিক মহলে আলোচনা হয়েছে। বায়ুসেনার উপপ্রধান হওয়ার আগে তিনি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ পদে দায়িত্ব সামলেছেন। পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন ফাইটার এয়ারবেস এবং দক্ষিণাঞ্চলের একটি ফাইটার ট্রেনিং বেসেরও কমান্ডার ছিলেন তিনি।
দীর্ঘ সামরিক জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক সম্মান পেয়েছেন আশুতোষ দীক্ষিত। ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদকে সম্মানিত হন তিনি। নতুন দায়িত্ব গ্রহণের সময় ভারতীয় বায়ুসেনার সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সরঞ্জামের আধুনিকীকরণ, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের ব্যবহার বৃদ্ধি, তেজস প্রকল্পের অগ্রগতি এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা তাঁর দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে চলেছে। প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে এবার বিশ্বের অন্যতম বৃহৎ বায়ুসেনার নেতৃত্বের দায়িত্ব সামলাবেন আশুতোষ দীক্ষিত।




