স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের দ্বাদশ দিনের শুরুতে ভালোমন্দ, দু'রকম অভিজ্ঞতারই সাক্ষী থাকতে হল ভারতকে।একদিকে নৌ-ক্রীড়ায় রুপো জিতে ইতিহাস গড়লেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কল নোবেল। অন্যদিকে মহিলাদের স্কোয়াশে ব্রোঞ্জ জিতেই অভিযান শেষ করল ভারতীয় দল। কুস্তিতেও পদক নিশ্চিত করেছেন নীতেশ সিওয়াচ। গ্রেকো-রোমান ৯৭ কেজি বিভাগের ফাইনালে উঠে একদিকে যেমন অন্ততঃ রুপো নিশ্চিত করেছেন তিনি, তেমনিই তাঁকে হাতছানি দিচ্ছে সোনাও। পাশাপাশি, সেপাকটাকরোয় ভিয়েতনামকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে ভারতের পুরুষ দল। তবে একই দিনে তীরন্দাজি ও ভলিবলে হতাশ হতে হয়েছে ভারতকে।
নৌ-ক্রীড়ার পুরুষদের স্কিফ বিভাগে রুপো জিতে এশিয়ান গেমসে ভারতের হয়ে ইতিহাস গড়লেন মনু ও প্রিন্স। এশিয়ান গেমসে এই প্রথমবার নৌ-ক্রীড়ায় পদক পেল ভারত। প্রতিযোগিতার ৯টি রেসে ধারাবাহিক পারফরম্যান্স করে মোট ২৩ পয়েন্ট সংগ্রহ করেন তাঁরা। একটি রেসে প্রথমও হন ভারতীয় জুটি। শেষ পর্যন্ত চিনের পিছনে থেকে রুপো জিতে নেন তাঁরা। ব্রোঞ্জ পেয়েছে হংকং। অন্যদিকে মহিলাদের দলগত স্কোয়াশের সেমিফাইনালে হংকংয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে অনাহত সিং হারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে জয় পান তন্বী খান্না। তবে নির্ণায়ক ম্যাচে জোশনা চিনাপ্পা ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেনি ভারত।
https://x.com/TheKhelIndia/status/2105511400256995535
কুস্তিতে অবশ্য ভারতীয় শিবিরে খুশির হাওয়া। পুরুষদের গ্রেকো-রোমান ৯৭ কেজি বিভাগের সেমিফাইনালে মঙ্গোলিয়ার গাঙ্কুয়াগ গনবাতারকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ৯-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন নীতেশ। প্রথম পর্বেই পর পর আক্রমণে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে দেন তিনি। ফলে অন্ততঃ রুপো নিশ্চিত হয়েছে তাঁর। অন্যদিকে মহিলাদের ৬২ কেজি বিভাগে জাপানের নোনোকা ওজাকির কাছে ০-৬ ব্যবধানে হেরে গেলেও ব্রোঞ্জের লড়াইয়ে নামার সুযোগ রয়েছে মানসীর। সেমিফাইনালে হেরে গেলেও পদকের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। সেপাকটাকরোয় পুরুষদের কোয়াড্রান্ট বিভাগে ভিয়েতনামকে ১৫-১২, ১৫-৯ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ফলে আরও একটি পদক নিশ্চিত হয়েছে।
তবে বৃহস্পতিবারের সকালটা একেবারেই ভাল কাটেনি ভারতের পুরুষ ভলিবল দলের জন্য। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে সরাসরি তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। প্রথম সেটে ১৯-২৫ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটেও ২৩-২৫ ব্যবধানে পরাজিত হয় ভারত। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেনি দল। এ ছাড়া মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন চিকিথা তানিপার্থি। ইন্দোনেশিয়ার নুরিসা দিয়ান আশরিফার কাছে ১৪৩-১৪৪ ব্যবধানে হেরে যান তিনি। বুধবারই দলগত বিভাগে দু’টি সোনা জিতেছিলেন চিকিথা। ফলে ব্যক্তিগত বিভাগে তাঁর বিদায় ভারতের কাছে বড় ধাক্কা। তবে নৌ-ক্রীড়ায় রুপো, স্কোয়াশে ব্রোঞ্জ এবং কুস্তি ও সেপাকটাকরোয় পদক নিশ্চিত হওয়ায় দ্বাদশ দিনে পদক তালিকায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের।
