দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে রাতে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় ওই তৃণমূল নেতার বাড়ির একাংশ। উড়ে গিয়েছে ঘরের চাল, দরজা-জানলা। ক্ষতিগ্রস্থ হয়েছে আশপাশের বাড়িঘরও। তবে হতাহতে কোনও খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। পুলিশের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বাস্ট করেই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি ঘটেছে রামনগর ২ নম্বর এলাকার ১৪০ নম্বর বুথের লালপুলের কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে, তৃণমূল নেতার বাড়িটি ঘিরে দিয়েছে বারুইপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আচমকাই বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণ স্থলে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের জেরে বাড়িটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির দরজার একটি শাটার বিস্ফোরণের অভিঘাতে ছিটকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে ব্যাপক পরিমাণে বোমা মজুদ ছিল। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। ভোটের রেজাল্টের পরই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এলাকার বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই সেখানে বোমা মজুদ করা হয়েছিল বলেও অভিযোগ স্থানীয়দের। বিরোধীদের তরফেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে।
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দ্বিজেন মণ্ডলের বাড়িতে প্রচুর বোমা মজুত করা ছিল। বড়সড় ছক ছিল। দ্বিজেন মণ্ডলের নেতৃত্বেই সব হত। সঙ্গে কয়েকজন শাগরেদও ছিল। বোমা বাঁধতে গিয়েই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ তুলেছে তারা। যদিও বাড়িটি থেকে এখনও পর্যন্ত বিস্ফোরক জাতীয় কিছু উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘গতকাল রাতে বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে, সিলিন্ডার ফেটে হয়েছে। গতকাল রাতেই দমকল এসেছিল। ফরেন্সিকের লোকও আসবেন। তাঁরাও খতিয়ে দেখবেন।’ বিস্ফোরণের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের মূল কারণ কি, তা তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। এছা়ড়ও, বিস্ফোরণের পিছনে কোনও নাশকতার যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।