নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই জটিল শারীরিক অসুস্থতার শিকার হয়ে বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দর্শকদের প্রিয় প্রতিযোগী তথা বিগ বস বাংলার কমিক রিলিফ ঝিলম গুপ্ত। অভিনেতা সৌরভ দাসকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগেই। এবার আবার নতুন চমক বিগ বসের বাড়িতে। এই নিয়ে পরপর দু’বার দুই বিশিষ্ট প্রতিযোগীকে বেরিয়ে যেতে হওয়ায় বাড়ির ভিতরে থাকা অন্যান্য সদস্যরা যখন বিস্ময়ের সঙ্গে প্রতিটি দিন কাটাচ্ছেন, তখনই কি আবার বিগ বসের ঘরে ঘটতে চলেছে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
বদলে যাওয়া খেলার ছক নিয়ে প্রতিদিনই ধোঁয়াশা তৈরি হচ্ছে। একই সঙ্গে নাটকীয়তা ও উদ্বেগ বেড়ে চলেছে বিগ বসের বাড়িতে। ইতিমধ্যেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’য় ঘটে গিয়েছে পরপর একাধিক বড় ঘটনা। আগের সপ্তাহের শেষে শো থেকে বিদায় নিতে হয়েছে অনুষ্কা ঘোষকে। সেই পর্ব শেষ হতে না হতেই চলতি সপ্তাহে হঠাৎই জটিল অসুস্থতার কারণে বিগ বসের পরামর্শে শো ছাড়তে হয়েছে অন্যতম প্রতিভাবান প্রতিযোগী ঝিলম গুপ্তকে। বিগ বসের বাড়ি থেকে পরপর দু’জন প্রতিযোগীর বিদায়ে অন্যান্য সদস্যরা যখন বিস্ময়ের মধ্যে দিন কাটাচ্ছেন, তখনই কি আবার বিগ বসের ঘরে ঘটতে চলেছে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
গোপন সূত্রের খবর অনুযায়ী, বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন নতুন দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। তাঁদের আগমনে গৃহবন্দি সদস্যদের মধ্যে কড়া প্রতিযোগিতা শুরু হতে পারে এবং মুহূর্তেই বদলে যেতে পারে খেলার কৌশল। প্রথম প্রতিযোগীর নাম কিছুদিন আগেই জানা গিয়েছিল। তিনি ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাস। আর দ্বিতীয়জন হলেন জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইষ্টি কুটুম’-এর প্রধান অভিনেত্রী, যিনি দর্শকদের কাছে ‘বাহামণি’ নামে পরিচিত। তিনি আর কেউ নন, অভিনেত্রী রণিতা দাস।
সৌরভের পর রণিতার ওয়াইল্ড কার্ড এন্ট্রিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেটপাড়ায় চর্চার ঝড় উঠেছে। কারণ, বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বিগ বসে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে হালকা মেজাজে অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, “যদি আমি কখনও বিগ বসের ঘরে যাইও, তাহলে ওই স্লাইডিং দরজা ধরে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দেব। তারপর ঘরের সদস্যরাই বাধ্য হবেন বিরক্ত হয়ে আমাকে বিদায় করে দিতে!”
এত রসিকতা এবং নেতিবাচক মন্তব্যের পরেও কি শেষ পর্যন্ত এই রিয়্যালিটি শোয়ের চ্যালেঞ্জকে স্পোর্টিংলি নিয়ে বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাহামণি ওরফে রণিতা? ফলে দর্শকমহলে এখন একটাই কৌতূহল, সত্যিই কি ঘরে ঢুকে দরজা ধরে কান্নাকাটি করবেন তিনি, নাকি অন্যান্য প্রতিযোগীদের রীতিমতো কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে নিজের খেলার কৌশলে চমক দেবেন? এখন সেটাই দেখার।
একদিকে সৌরভের ‘আউট লাউড’ স্বভাব, অন্যদিকে বাহামণি রণিতার কান্নাকাটির হুমকি সব মিলিয়ে এই সপ্তাহে বিগ বস বাংলার জনপ্রিয়তা যে হু হু করে বাড়তে পারে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।





