নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্বালোকের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোরবেলা মুখ ঢাকা একদল দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং এলোপাথাড়ি ইট ছুড়ে হামলা চালায়। হামলাকারীরা মোটরবাইকের নম্বর প্লেটও ঢেকে রেখেছিল বলে দাবি বিকাশরঞ্জনের। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এটা খুবই পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ঐসব সন্ত্রাসীরা জেনে রাখুন, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব।”
ভোরে তখন সদ্য আলো ফুটেছে। ইএম বাইপাসের ধারের শুনশান রাস্তায় আচমকাই শুরু গালিগালাজ, চুরমার হয়ে গেল কাচ। লক্ষ্য সিপিআইএমের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাসভবন।
বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছুড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিকাশের বলেন, “হিন্দুত্ববাদীরা এসব করেছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করছেন, তাঁদের এভাবেই শিক্ষা দেওয়ার চেষ্টা চলছে।”
ঘটনাটি ঘটে ভোর পাঁচটা নাগাদ। বিকাশবাবু তখন দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন। বিকট শব্দ শুনে ছুটে আসেন বাড়ির পরিচারিকা। তিনি বিষয়টি জানানো মাত্রই বাইরে এসে দেখেন পথঘাট সম্পূর্ণ ফাঁকা।
পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলার চিত্র সামনে আসে।
সিসিটিভি ফুটেজ দেখা যায়, একটি বাইকে চেপে মুখে কালো কাপড় বাঁধা এক ব্যক্তি বাড়ির সামনে দাঁড়ায়। বাইকের নম্বর প্লেটটিও কালো কাপড়ে মোড়া ছিল। বাইক থেকে নেমেই ব্যাগ থেকে একটি মদের বোতল বের করে সোজা ছুড়ে মারে বিকাশবাবুর দোতলার জানলা লক্ষ্য করে। চুরমার হয়ে যায় জানলার কাচ। ভাঙচুর চালানো হয় তিনতলার বারান্দার স্লাইডিং ডোরেও। দুষ্কৃতী বাড়ির একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেললেও, অপর ক্যামেরায় এই অপরাধের দৃশ্য ধরা পড়ে।
খবর পেয়ে বিকাশরঞ্জনবাবুর বাড়িতে পৌঁছায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। মৌখিক বিবৃতির পর দায়ের করা হয় লিখিত অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আইনজীবী মহলে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি করেছে। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, প্রবীণ আইনজীবীর ওপর এই হামলার বিষয়টি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের এজলাসে তোলা হবে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে রাজ্যে একের পর এক আইনজীবীর আক্রান্ত হওয়ার ঘটনায় বিচারব্যবস্থা ও রাজনীতির অন্দরে সুর চড়ছে। সম্প্রতি শালবনিতে আক্রান্ত হন আইনজীবী শামিম আহমেদ ও তাঁর সঙ্গীরা। গাড়ি ভাঙচুর ও মহিলা আইনজীবীর হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপির এসসি মোর্চার নেতা মদন রুইদাস সামাজিক মাধ্যমে বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্য হুঁশিয়ারির সুরে লেখেন, “আজকের দিনটা মনে রাখবেন... এটা কলকাতা নয়, এটা গড়বেতা।” সেই আবহেই বারুইপুরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলা, ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের নিগ্রহ এবং চন্দননগরে আইনজীবীদের বাধার মুখে পড়ার ঘটনা ঘটে। আইনজীবী শামিমের ঘটনার প্রতিবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, রাজ্য ভয় দেখানোর সংস্কৃতি মানবে না।




