বিহার, নিউজ ডেস্ক: সামনে রাখা একটি বিশাল ছবি। তা ঘিরে জড়ো হয়েছেন বেশ কিছু জন। কারও হাতে পুজোর জন্য সামগ্রী, আবার কেউ ব্যস্ত আরতির প্রস্তুতিতে। কিন্তু, হঠাৎ সেই দৃশ্য বদলে গেল আরও চমকপ্রদ আয়োজনে। যা দেখে প্রথমে অনেকেরই মনে হতে পারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কিন্তু, আসল ঘটনাটি অন্য। ক্যামেরাবন্দি হল এক অভিনব আয়োজন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিন ঘিরে একাধিক কর্মসূচির জন্য উদ্যোগ নেয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিনের ঠিক একদিন আগে বিহারের পাটনায় এমন এক অভিনব দৃশ্য দেখা গেল। বিজেপি কর্মীদের একাংশকে প্রধানমন্ত্রীর একটি কাটআউটের সামনে আরতি করতে দেখা যায়। তবে, শুধুমাত্র আরতি করেই থেমে থাকেন না তাঁরা। প্রধানমন্ত্রীর কাটআউটের ওপর দুধ ঢেলে প্রতীকি দুগ্ধ অভিষেক করা হয়। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। দিনটিকে কেন্দ্র করে বিজেপির তরফে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেবামূলক কাজ থেকে শুরু করে সাংগঠনিক ও জনসংযোগ মূলক নানা উদ্যোগের পরিকল্পনা রয়েছে।
দেখুন: https://x.com/NewsArenaIndia/status/2100102561785364578?s=20
বিহারেও প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে 'সেবা সংকল্প অভিযান' শুরু করার কথা জানিয়েছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। এর সাথে 'আশীর্বাদের দিয়া' কর্মসূচি ও রয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনের সন্ধ্যায় বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করার আহ্বান জানানো হয়েছে। মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সাফল্যের জন্য প্রার্থনার কথাও বলা হয়েছে। এরই মধ্যে পাটনায় এই ছবি সামনে এসেছে। প্রধানমন্ত্রীর কাটআউটের সামনে বিজেপি কর্মীদের আরতি করার দৃশ্য এবং দুধ ঢালার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির চেনা ছবির তুলনায় এই আয়োজনের ধরণই আলাদা করে সবার নজর কেড়েছে।
তবে, পাটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউটের সামনে আরতি ও দুগ্ধ অভিষেকের ঘটনাটি আশীর্বাদের দিয়া কর্মসূচির আনুষ্ঠানিক অংশ কি না, তা স্পষ্ট নয়। আপাতত প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে তার প্রতিচ্ছবিকে ঘিরে বিজেপি কর্মীদের এই বিশেষ আয়োজন ইতিমধ্যেই নজর কেড়েছে। রাজনৈতিক আবহে ধর্মীয় আচারের এমন সংযোগ নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।