নয়াদিল্লি: দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকা বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে আইনি বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। শনিবার, ১০ অক্টোবর, এই ঘটনাকে কেন্দ্র করে শীর্ষ আদালতে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে গণপরিবহণে বিধিনিষেধ আরোপের ফলে সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে দিল্লির মোট ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। CJP-র বিক্ষোভের দিন এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে গণপরিবহণ বন্ধ করে দেওয়া কতটা যুক্তিসংগত? বিশেষ করে, জনসাধারণের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ না করার বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরও কেন এমন পদক্ষেপ করা হল, তা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী শনিবার শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রো কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। তবে এই অভিযোগের ভিত্তিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা এখনও স্পষ্ট নয়।
আবেদনে অভিযোগ করা হয়েছে, একাধিক মেট্রো পরিষেবা ও করিডর বন্ধ রাখার ফলে কার্যত দিল্লির স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এর জেরে কর্মসূত্রে যাতায়াতকারী মানুষ, নিত্যযাত্রী এবং অন্যান্য সাধারণ নাগরিককে সমস্যায় পড়তে হয়েছে বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গণপরিবহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে পর্যবেক্ষণ জানিয়েছিল। আদালত স্পষ্ট করে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, মানুষের যাতায়াতের সব পথ বন্ধ করে দিয়ে তাঁদের অসহায় অবস্থায় ফেলে রাখা হবে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে সেই ব্যবস্থা যেন সাধারণ মানুষের চলাচলের অধিকার ও দৈনন্দিন জীবনকে অযথা বিপর্যস্ত না করে।
এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে কোনও অসংগতি ছিল কি না, তা নিয়ে আইনি লড়াই কোন দিকে এগোয়, সেটাই দেখার। দিল্লির বিক্ষোভকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা, নাগরিকদের যাতায়াতের অধিকার এবং আদালতের নির্দেশ কার্যকর করার প্রশ্ন এখন জাতীয় আলোচনার কেন্দ্রে।
