সল্টলেক সিটি সেন্টারের মেট্রো স্টেশনের পিলারে ফাটল। যা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো পরিণতি কি হতে চলেছে সিটি সেন্টার স্টেশনেরও?
সিটি সেন্টার স্টেশনটি কলকাতা মেট্রোর গ্রিন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। ফলে স্টেশনের পিলারে ফাটলের খবর ছড়াতেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নন জানান,বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ফাটলটি পিলারের মূল কাঠামোয় নয়,বাইরের ক্ল্যাডিং অংশে রয়েছে। ফলে স্টেশনের কাঠামোগত নিরাপত্তায় কোনও প্রভাব পড়েনি।
মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সিটি সেন্টার মেট্রো স্টেশন বন্ধ করা হচ্ছে না এবং মেট্রো পরিষেবাও স্বাভাবিকভাবেই চলছে। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। খুব শীঘ্রই ওই ফাটল মেরামতের কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, গত বছর ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়ায় স্টেশনটি দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার জেরে এবার সিটি সেন্টারের ফাটল নিয়েও উদ্বেগ তৈরি হলেও, মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুই ঘটনার প্রকৃতি এক নয় এবং সিটি সেন্টার স্টেশন সম্পূর্ণ নিরাপদ।