কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। দুর্যোগের জেরে এবার বড়সড় ক্ষতির আশঙ্কা কৃষিক্ষেত্রে। জমিতে জমেছে বৃষ্টির জল। কোথাও জলের তলায় চলে গিয়েছে পাকা ধান, আবার কোথাও ক্ষতির মুখে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ। আবহাওয়ার এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন কৃষকরা। তাঁদের ক্ষয়ক্ষতির হিসাব জানতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নবান্ন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।
নবান্ন সূত্রে খবর, বৃষ্টির কারণে রাজ্যের কোন জেলায় কতটা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, সেই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। প্রতিটি জেলার পরিস্থিতি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু প্রশাসনের মাধ্যমে নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে চালু করা হয়েছে ১৪৪৪৭ নম্বরের হেল্পলাইন। এই নম্বরে ফোন করে কৃষকরা তাঁদের জমি ও ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলেই শুরু হবে ফসলের ক্ষয়ক্ষতির সরেজমিন সমীক্ষা। কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, ধান-সহ কোন কোন ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। সমীক্ষার রিপোর্ট দ্রুত নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরি করা এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা। কারণ, টানা বৃষ্টিতে জমিতে জল জমে থাকলে ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজিরও ক্ষতি হতে পারে। ফলে দুর্যোগের প্রভাব কৃষকদের উপার্জনের উপর কতটা পড়েছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বৃষ্টির জেরে কৃষকদের ক্ষতির পরিমাণ বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। তাই কৃষকদের দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির তথ্য জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এখন নজর আবহাওয়ার উন্নতি এবং সরকারি সমীক্ষার রিপোর্টের দিকে।




