নিউজ ডেস্ক: সারা সপ্তাহভর যাই খাওয়াদাওয়া হোক না কেন, রবিবারের দিন পাতে মাংস থাকবেই। কিন্তু, প্রতিদিনের একই ধরনের চিকেন কারি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। আবার স্বাস্থ্য সচেতনদের কাছে সুস্বাদু খাবারের পাশাপাশি প্রোটিনের পরিমাণ এবং রান্নায় তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ। আরও এই দুইয়ের সমাধান হতে পারে 'দই তড়কা চিকেন'।
সহজ কিছু উপকরণ এবং এয়ার ফ্রায়ারের সাহায্যে বাড়িতেই তৈরি করা যায় এই পদ। মুরগির মাংসের চেনা রান্নাগুলি একঘেয়ে লাগলে চটজলদি বানিয়ে নিতে পারেন এই পদটি। অত্যন্ত সুস্বাদু, ক্রিমি এবং প্রোটিন-সমৃদ্ধ আধুনিক একটি চিকেন রেসিপি। খুব অল্প সময়ে তৈরি করতে লাগে। একবার প্যানে চিকেন দিয়ে দিলে এটি প্রায় নিজে থেকেই রান্না হয়ে যায়।
কী কী লাগবে:
চিকেন ব্রেস্ট
লেবুর রস,
নুন
গোলমরিচ
লঙ্কাগুঁড়ো
ধনেগুঁড়ো
আদা-রসুন বাটা
পেঁয়াজ
ধনেপাতা
গ্রিক ইয়োগার্ট
তড়কার জন্য লাগবে:
ঘি
সর্ষে
কারিপাতা
কাঁচালঙ্কা
হলুদ
লঙ্কাগুঁড়ো
কীভাবে বানাবেন:
প্রথমে চিকেনের টুকরোগুলিকে লেবুর রস, নুন, গোলমরিচ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো এবং আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেরিনেট করার পর চিকেনগুলি এয়ার ফ্রায়ারের ট্রেতে রেখে সামান্য তেল ছড়িয়ে দিন। প্রায় ২৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিটের মতো এয়ার ফ্রাই করতে হবে। যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হওয়ার পাশাপাশি বাইরের অংশটা হালকা ক্রিসপি হয়।
এরপর তৈরি করতে হবে তড়কা। প্রথমে প্যানে ঘি গরম করে তাতে সর্ষে, কাঁচালঙ্কা, কারিপাতা, লঙ্কাগুঁড়ো ও সামান্য হলুদ দিন। সর্ষে ফোড়ন দিতে শুরু করলে সেই তড়কা গ্রিক ইয়োগার্টের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে একটি পাত্রে এয়ার ফ্রাই করা চিকেন রেখে তার উপর দইয়ের মিশ্রণ ঢেলে দিন। ভালো করে মিশিয়ে উপর থেকে কুচোনো ধনেপাতা ও পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন। রুটি বা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।
প্রোটিনের উৎস হিসেবে চিকেনের পাশাপাশি গ্রিক ইয়োগার্টও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সর্ষে, কারিপাতা ও কাঁচালঙ্কার তড়কা যোগ হওয়ায়, স্বাদের পরিমাণটাও একটু বেড়ে যায়। এটি ঝাল, টক ও মশলাদার একটা আলাদা মাত্রা নিয়ে আসে স্বাদে। রান্নায় ডিপ ফ্রাইয়ের বদলে এয়ার ফ্রায়ার ব্যবহার করায় তেলের প্রয়োজনও তুলনামূলকভাবে কম। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তাই ছুটির দিনে অবশ্যই বানিয়ে ফেলুন দই তড়কা চিকেন। মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে এবং ছুটির দিনটাও জমে যাবে।