বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় প্লে-স্টেশন ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘গড অফ ওয়ার’-এর আসন্ন লাইভ-অ্যাকশন টিভি সিরিজে ক্রেটোসের প্রয়াত স্ত্রী ‘ফে’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী ডেবোরা অ্যান ওল । অ্যামাজন প্রাইম ভিডিওর এই মেগা প্রজেক্টে তিনি মূলত ভিডিও গেমের সেই পরিচিত চরিত্রটিতেই আবার পর্দায় ফিরছেন। সম্প্রতি নিশ্চিত হয়েছে এই খবর। ‘ডেয়ারডেভিল’ এবং ‘ট্রু ব্লাড’ খ্যাত অভিনেত্রী ডেবোরা অ্যান ওলের জন্য ‘ফে’ চরিত্রটি নতুন নয়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার গেম God of War Ragnarök-এ তিনি এই চরিত্রটিতে কণ্ঠ ও মোশন ক্যাপচার দিয়েছিলেন। এছাড়া আগামী ২০২৭ সালের মে মাসে সান্তা মনিকা স্টুডিওর আসন্ন স্পিন-অফ গেম God of War Laufey-তেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
ভিডিও গেম অ্যাডাপ্টেশনের ইতিহাসে এটি ভক্তদের জন্য একটি বিশাল পাওয়া, কারণ অ্যালাস্টেয়ার ডানকানের (মিমির চরিত্রে) পর ডেবোরা দ্বিতীয় অভিনয়শিল্পী যিনি গেম থেকে সরাসরি টিভি সিরিজে নিজের চরিত্রে ফিরছেন।সিরিজের মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে নর্স পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে। গল্পে ‘ফে’ হলেন প্রধান চরিত্র ক্রেটোসের রহস্যময় প্রয়াত স্ত্রী এবং তরুণ অ্যাট্রিয়াসের মা। তাঁর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করেই সিরিজের মূল ঘটনাপ্রবাহ শুরু হয়। ফে-র শেষ ইচ্ছা অনুযায়ী নয়টি রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গে তাঁর চিতাভস্ম ছড়িয়ে দেওয়ার এক বিপদসংকুল যাত্রায় বের হন বাবা ও ছেলে। এই দীর্ঘ যাত্রাপথে ক্রেটোস ও অ্যাট্রিয়াস এমন সব গোপন সত্যের মুখোমুখি হন, যা তাঁদের ভাবতে বাধ্য করে যে তাঁরা আসলে ফে-কে কতটুকু চিনতেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, শুরু থেকেই ফে চরিত্রের জন্য ডেবোরা অ্যান ওল ছিলেন প্রযোজকদের প্রথম পছন্দ। তবে প্রথম দিকের পর্বগুলোতে তাঁর চরিত্রের উপস্থিতি না থাকায় এতদিন তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, সিরিজটির শুটিংয়ে সম্প্রতি বড় ধরনের রদবদল ঘটেছে। শুরুতে ক্রেটোস চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন রায়ান হার্স্ট (Ryan Hurst)। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভ্যাঙ্কুভারে শুটিং শুরু হয়ে প্রথম সিজনের ১০টি পর্বের মধ্যে ৪টির কাজও শেষ হয়েছিল। কিন্তু জুন মাসের শেষ দিকে একটি স্টান্ট করতে গিয়ে হার্স্ট গুরুতর কাঁধের চোটে (bicep injury) আক্রান্ত হন। হার্স্টের চোটের কারণে পুরো প্রজেক্ট পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে নির্মাতারা তাঁর জায়গায় ডব্লিউডব্লিউই (WWE) তারকা ও অভিনেতা ডেভ বাউতিস্তাকে (Dave Bautista) ক্রেটোস হিসেবে চূড়ান্ত করেন। আগের ধারণকৃত সব দৃশ্য বাদ দিয়ে গত অক্টোবর মাসের শেষ দিক থেকে বাউতিস্তাকে নিয়ে একদম নতুন করে শুটিং শুরু হয়েছে।
অ্যামাজন এমজিএম স্টুডিও এবং সনি পিকচার্স টেলিভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিরিজটির শোরানার (Showrunner) ও প্রধান লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত নির্মাতা রোনাল্ড ডি. মুর। ইতিমধ্যেই সিরিজটির দুটি সিজনের অনুমোদন দিয়েছে অ্যামাজন, যার শুটিং একসাথে (back-to-back) চলছে।
সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ক্রেটোস: ডেভ বাউতিস্তা, অ্যাট্রিয়াস: ক্যালাম ভিনসন, ওডিন: ম্যান্ডি প্যাটিনকিন, থর: ওলাফুর দারি ওলাফসন, বাল্ডুর: এড স্ক্রেইন, হেইমডাল: ম্যাক্স পার্কার, ফ্রেয়া: সোনিয়া ওয়ালগার, মিমির: অ্যালাস্টেয়ার ডানকান। সিরিজটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ২০২৭ সালে God of War Laufey গেমটি মুক্তির পর সিরিজেও ডেবোরার চরিত্রটির ব্যাপ্তি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিনোদন বিশ্লেষকরা।




