নিট প্রশ্নফাঁস কাণ্ডে আগুনের আঁচ পড়েছে খাস কলকাতায়! শুক্রবার, তারই প্রতিবাদে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। ককরোচ জনতা পার্টি ও বাম সংগঠনগুলির প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-জুতো-জলের বোতল। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপরেও হামলা করা হয়। আহত হন একাধিক সংবাদমাধ্যমের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শনিবার এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের বিধায়করা। কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে সামিল হন তাঁরা।
ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই এসএসকেএম হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। তিনি বলেন,"ক'টা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই 'শুক্রবারি'দের দেখিয়ে দেব।" হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, এদিন বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,সব মিলিয়ে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা ছাত্রও নন এবং তাঁদের সঙ্গে নিট-আন্দোলনের কোনও যোগও নেই। ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলা এবং সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় হেয়ার স্ট্রিট এবং এন্টালি থানা মিলিয়ে মোট সাতটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, রাজ্যে গুন্ডাদমন আইন পাশ হওয়ার পরে এই প্রথম তা প্রয়োগ হচ্ছে।