সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারংবার নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।এবারেও তিনি অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ কোভিড মহামারী চলাকালীন মেগা টেস্ট ড্রাইভ এবং ‘ডক্টরস অন হুইলসের’ নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও কোটি কোটি টাকার সরকারি অর্থ তছরুপ করেছেন অভিষেক।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিজিৎ দাস এই দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, তৎকালীন জেলাশাসক, পুলিশ সুপার এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকসহ মোট ২৫ জনের বিরুদ্ধে পুলিশে এফআইআর রুজু করে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানানো হয়েছে।
অভিজিৎ দাসের অভিযোগের মূল বক্তব্য হলো, ২০২২ সালের ১২ জানুয়ারি একদিনে প্রায় ৫৩ হাজার কোভিড টেস্টের যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল, তা সম্পূর্ণ ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত। আইসিএমআর (ICMR)-এর স্বাস্থ্যবিধি বুড়ো আঙুল দেখিয়ে অপ্রশিক্ষিত আশা কর্মীদের দিয়ে কোভিড পরীক্ষা করানো হয়েছিল। বিজেপি নেতার দাবি, আক্রান্তের প্রকৃত সংখ্যা গোপন করতে ইচ্ছাকৃতভাবে পজিটিভ রোগীদের নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল, যা সংক্রমণ আরও বাড়িয়ে বহু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
পাশাপাশি, এত বিশাল পরিমাণ করোনা কিট এবং ‘ডক্টরস অন হুইলস’-এর জন্য বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো—তার কোনো স্বচ্ছতা ছিল না। কোনো একক সাংসদের জন্য সরকার কীভাবে এত কিট অনুমোদন করল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত ও বিশাল আর্থিক দুর্নীতি বলে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে মহামারী ছড়িয়ে দেওয়া ও প্রাণ সংশয় তৈরির অভিযোগে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।