নিউজ ডেস্ক: খসড়া ভোটার তালিকায় নাম নেই? অথচ আগেও ভোট দিয়েছেন, ভোটার কার্ডও রয়েছে? তাহলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে গিয়ে আর ভয় পাওয়ার প্রয়োজন নেই। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বড়সড় স্পষ্টীকরণ দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছে, আগে ভোটার তালিকায় নাম থাকলেও খসড়া তালিকায় নাম বাদ পড়লে নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য Form 6 জমা দেওয়া যাবে।
সম্প্রতি দিল্লিতে SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। প্রায় ৪৩ লক্ষ বাসিন্দার নাম বাদ যাওয়ার বিষয়টি সামনে আসার পরেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেক ক্ষেত্রেই শেষ জানা ঠিকানায় সংশ্লিষ্ট ভোটারদের খুঁজে না পাওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল।
কেন Form 6 জমা দিতে ভয় পাচ্ছিলেন ভোটাররা?
নির্বাচন কমিশনের নজরে আসে, খসড়া তালিকায় নাম না থাকা বহু ভোটার Form 6 জমা দিতে চাইছেন না। কারণ, এই ফর্মে আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে, ভোটার তালিকায় তাঁর নাম প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আগে থেকেই ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে তাই আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁরা মনে করছিলেন, নতুন করে Form 6 জমা দিলে ভুল ঘোষণা করার অভিযোগ উঠতে পারে। এমনকী জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় আইনি পদক্ষেপ বা শাস্তির মুখেও পড়তে হতে পারে।
কমিশনের স্পষ্ট বার্তা কী?
এই বিভ্রান্তি দূর করে কমিশন জানিয়েছে, আগে ভোটার হিসেবে নথিভুক্ত থাকলেও খসড়া SIR তালিকায় নাম না থাকলে Form 6 জমা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। ১৪ অক্টোবরের দিল্লি হাই কোর্টের নির্দেশের উল্লেখ করে কমিশন জানিয়েছে, এই আবেদন করার ক্ষেত্রে মিথ্যা ঘোষণার অভিযোগে শাস্তির আশঙ্কা ভিত্তিহীন।
Form 8 নিয়ে এখনও জট কাটেনি!
অন্যদিকে, সুপ্রিম কোর্টের তরফে Form 8 ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। বিশেষ করে ASDD (Absent, Shifted, Dead, Duplicate) তালিকায় থাকা ভোটারদের ক্ষেত্রে Form 8 কীভাবে কার্যকর হবে, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এখনও কোনও নির্দিষ্ট SOP পৌঁছয়নি।
ফলে আপাতত খসড়া তালিকায় নাম না থাকা ভোটারদের জন্য কমিশনের এই স্পষ্টীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। SIR-এর চূড়ান্ত তালিকায় নিজের নাম নিশ্চিত করতে ভোটারদের সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আবেদন ও নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া জেনে নেওয়া উচিত।




