নিউজ ডেস্ক: SIR প্রক্রিয়ার পর এবার SSR বা Special Summary Revision নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন মমতা তৃণমূল সাংসদকুণাল ঘোষ। ভোটার তালিকা সংশোধন নিয়ে মঙ্গলবার CEO দফতরে সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকেই একাধিক দাবি ও আপত্তি জানায় রাজনৈতিক দলগুলি। বৈঠকের পর গোটা বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরব হন কুণাল ঘোষ।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, 'SIR-এর জেরে ইতিমধ্যেই বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তার মধ্যে এবার SSR প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাঁরা Form 6 জমা দিতে পারবেন বলে জানানো হলেও তাতে নাম ভোটার তালিকায় উঠবে, এমন কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।
পাশাপাশি Form 7-এর মাধ্যমে একতরফাভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। কুণালের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে সাধারণ ভোটারদের ফের সমস্যার মুখে পড়তে হতে পারে। বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে সমস্ত দাবি ও আপত্তি জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস এবং বাম দলগুলিও পৃথকভাবে একই ধরনের আপত্তি ও দাবি তুলেছে।
কুণাল ঘোষের আরও অভিযোগ, গোটা প্রক্রিয়াটি দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। তবে কোনওভাবেই বৈধ ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। গণতন্ত্র এবং সমস্ত বৈধ ভোটারের অধিকার রক্ষার লড়াই জারি থাকবে বলেও স্পষ্ট করেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
এসআইআর-র পর এবার রাজ্যে এসএসআর। সামনেই পুরভোট। তার আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এসআইআরের পরে এবার ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা SSR নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা খসড়া ভোটার তালিকা। ১৬ জানুয়ারি প্রকাশের কথা চূড়ান্ত তালিকা।




