নিউজ ডেস্ক: রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। এরই মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে পুলিশ পার্টি অফিস থেকে আটক করে রেজিনগর থানায় নিয়ে গিয়েছে বলে খবর। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
আজ, মঙ্গলবার রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর আগেই হুমায়ুন কবীর অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে এবং এলাকায় পুলিশি নজরদারি চলছে। পরে ভোট দিতে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর অভিযোগ, রেজিনগরে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এবং ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
এর আগে ভোটের কয়েক দিন ধরেই হুমায়ুন কবীরের দলের কর্মী-সমর্থকদের গ্রেফতার ও আটক করা নিয়ে তিনি সরব ছিলেন। এমনকি রেজিনগর থানার সামনেও কর্মীদের নিয়ে প্রতিবাদে বসেছিলেন তিনি। পুলিশকে ‘নিরপেক্ষভাবে’ কাজ করার দাবি জানিয়েছিলেন AJUP প্রধান।
রেজিনগর আসনে হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া আসনে তাঁর ছেলে গোলাম নবী আজাদ AJUP-এর প্রার্থী। অন্যদিকে BJP, মমতা-শিবিরের তৃণমূল, কংগ্রেস, বাম এবং ঋতব্রত শিবিরের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিনেই হুমায়ুনকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে তাঁকে কেন আটক করা হয়েছে, পুলিশ সূত্রে এখনও স্পষ্ট কারণ জানা যায়নি।