নিউজ ডেস্ক: EPF-এর ৯০% টাকাই তোলা যাবে! নতুন নিয়মে বড়সড় স্বস্তি কর্মীদের নতুন নিয়মে বড় ঘোষণা চাকরি করছেন, অথচ হঠাৎ টাকার প্রয়োজন? বাড়ি তৈরি, চিকিৎসা কিংবা অন্য কোনও জরুরি খরচের জন্য এবার PF-এর টাকা তোলার ক্ষেত্রে মিলতে পারে আরও বেশি সুবিধা। কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল Employees' Provident Fund Organisation বা EPFO। নতুন নিয়মে এবার PF-এর জমা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলার সুযোগ তৈরি হচ্ছে।
কী বদল আসছে নতুন নিয়মে? এতদিন PF অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ শতাংশ টাকা রেখে দেওয়ার নিয়ম ছিল। অর্থাৎ, কর্মীরা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারতেন, নির্দিষ্ট শর্তসাপেক্ষে। কিন্তু এবার সেই ন্যূনতম জমা রাখার পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। ফলে যোগ্য সদস্যরা তাঁদের PF-এর ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।
শুধু তাই নয়, চাকরি হারানোর পর PF-এর সম্পূর্ণ টাকা তোলার অপেক্ষার সময়ও কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগে চূড়ান্ত PF সেটেলমেন্টের জন্য ১২ মাস অপেক্ষা করতে হত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময় কমিয়ে ২ মাস করার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে চাকরি হারানোর পর আর্থিক সমস্যায় পড়া কর্মীদের কিছুটা সুবিধা হতে পারে।
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও রয়েছে নতুন সুবিধা। এবার থেকে এককালীন পুরো টাকা তুলে নেওয়ার পরিবর্তে মাসিক, তিন মাস অন্তর অথবা ছয় মাস অন্তর কিস্তিতে PF-এর টাকা পাওয়ার ব্যবস্থাও চালুর অনুমোদন দিয়েছে বোর্ড। এতে অবসরের পরেও নিয়মিত আয়ের সুযোগ তৈরি হতে পারে।
তবে মনে রাখতে হবে, এই সিদ্ধান্তগুলি এখনও বোর্ডের অনুমোদনের পর্যায়ে রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত পুরনো নিয়মই অনুসরণ করতে হবে। সব মিলিয়ে, PF-এর টাকা তোলার ক্ষেত্রে কর্মীদের সুবিধা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটছে EPFO।




