মুম্বই: দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিতে পারে বম্বে হাইকোর্ট। ব্যক্তিগতভাবে বাজি পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে আদালত। বারবার সতর্ক করা সত্ত্বেও শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে না আসায় এমনই কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন বিচারপতিরা। তবে ব্যক্তিগতভাবে বাজি পোড়ানো বন্ধ করে নির্দিষ্ট জায়গায় প্রশাসনের অনুমতি নিয়ে সম্মিলিতভাবে আতশবাজির প্রদর্শনীর প্রস্তাবও সামনে এসেছে।
বৃহস্পতিবার মুম্বইয়ের বায়ুদূষণ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাইকোর্ট। বিচারপতি জিএস কুলকার্নি এবং বিচারপতি ডঃ নীলা গোখলের বেঞ্চ জানায়, নাগরিকদের বারবার অনুরোধ করেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। ফলে বৃহত্তর জনস্বার্থে এবার কঠোর নির্দেশ দেওয়ার প্রয়োজন হতে পারে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দীপাবলির সময় মুম্বইয়ের বায়ুর গুণমান অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। এক পর্যায়ে AQI বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। অথচ সেই পরিস্থিতিতেও আতশবাজি পোড়ানোর নির্ধারিত সময়সীমা এবং বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শহরের বিভিন্ন এলাকায় বাজি ফাটানো হয়েছে। এমনকী কোথাও কোথাও রাত ৩টে পর্যন্ত শব্দবাজি চলেছে বলে আদালতে উল্লেখ করা হয়।
পুলিশ এবং বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, প্রশাসন যথাসাধ্য চেষ্টা করলেও পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আদালতের কথায়, পুলিশ ও পুরসভা দুই প্রশাসনিক ব্যবস্থাই একপ্রকার অসহায় হয়ে পড়েছিল।
শুধু দূষণ নয়, আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও আদালতের উদ্বেগ বাড়িয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য উল্লেখ করে বিচারপতি কুলকার্নি জানান, দীপাবলির সময় মুম্বইয়ে ৩৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সংখ্যাটি সঠিক হলে তা অত্যন্ত উদ্বেগজনক।
এই পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছে আদালত। পরিবর্তে শহরের নির্দিষ্ট অনুমোদিত জায়গায় প্রশাসনের তত্ত্বাবধানে কমিউনিটি ফায়ারওয়ার্কস আয়োজন করা যেতে পারে। বিশ্বের বিভিন্ন শহরে এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে বলেও উল্লেখ করেন বিচারপতিরা।
আদালতের মতে, নির্দিষ্ট জায়গায় সম্মিলিত আতশবাজির আয়োজন হলে দূষণ এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শ অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য ও সম্পত্তির সুরক্ষাও নিশ্চিত করা যাবে।
এখনও অবশ্য চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি হয়নি। তবে আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিয়েছে, দূষণ নিয়ন্ত্রণে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে মুম্বই।




