খড়গপুর: শনিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের গন্তব্য দেশের প্রথম আইআইটি, খড়গপুর আইআইটি। প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই সফরে একটি বিশেষ স্মারক মুদ্রারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিষ্ঠানের নেতাজি অডিটোরিয়ামে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই আইআইটি খড়গপুরে প্রস্তুতি তুঙ্গে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর এন রবি। আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছর প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করে এবার প্রতিষ্ঠানে আসছেন তিনি। এটি আইআইটি খড়গপুর ক্যাম্পাসে মোদীর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিশেষ করে আইআইটি খড়গপুরে নতুন এমডি (ডক্টর অফ মেডিসিন) কোর্স চালুর বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এই কোর্সে মোট ১২টি আসন থাকবে। আগামী জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কোনও আইআইটিতে এই প্রথম এমডি কোর্স চালু হতে চলেছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা, প্রযুক্তিনির্ভর চিকিৎসাশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং গবেষণার ভবিষ্যৎ নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে তাঁর সরাসরি মতবিনিময়ের দিকেও বিশেষ নজর রয়েছে।
এছাড়াও এই সফরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ক্যাম্পাসে নেতাজির মূর্তিতে মাল্যদান করার কর্মসূচিও রয়েছে। স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে আইআইটি খড়গপুরের অবদান তুলে ধরতে চায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালেও আইআইটি খড়গপুরে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। সে সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে তৈরি হাসপাতালের উদ্বোধন এবং প্রতিষ্ঠানের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এবার সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ফলে শিক্ষা, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নতুন কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে আইআইটি খড়গপুরের পড়ুয়া, শিক্ষক ও গবেষকরা।




