কলকাতা: জাল নথি তৈরি করে জমি দখলের অভিযোগে বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। দক্ষিণ কলকাতার গড়িয়া ও সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের নাম অমিত গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ মুখোপাধ্যায় ও দেবাশিস চৌধুরী। ইডির দাবি, পরিকল্পিতভাবে জাল নথি তৈরি করে কোটি কোটি টাকার সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন তাঁরা।
রাজ্য পুলিশের দায়ের করা ১৩টি এফআইআরের ভিত্তিতে এই আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। সোনারপুর, নরেন্দ্রপুর এবং বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া মামলাগুলিতে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি এবং জাল নথি ব্যবহারের অভিযোগ ছিল।
তদন্তে ইডির দাবি, জমির মালিকদের সঙ্গে প্রথমে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ তৈরি করতেন অভিযুক্তরা। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে জমির মালিকানা সংক্রান্ত নথিতে কারচুপি করা হত। ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি, জাল বোর্ড রেজোলিউশন এবং উত্তরাধিকার সংক্রান্ত নকল নথি তৈরি করে জমির অধিকার হস্তান্তরের প্রক্রিয়া চালানো হত বলে অভিযোগ।
শুধু তাই নয়, ওই জাল নথির ভিত্তিতে রেজিস্ট্রি দলিল তৈরি, জমির রেকর্ডে মিউটেশন এবং বিভিন্ন দেওয়ানি মামলা দায়েরের মাধ্যমেও সম্পত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হত বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এর ফলে প্রকৃত জমির মালিকরা নিজেদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন বলে অভিযোগ। কয়েকটি ক্ষেত্রে জমিতে প্রবেশ করতে গেলে আসল মালিকদের বাধার মুখেও পড়তে হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
ইডির চার্জশিটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দুটি প্রকল্পের কথা। তদন্তকারী সংস্থার দাবি, প্রথম প্রকল্পের মাধ্যমে প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকা এবং দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে প্রায় ৭১ কোটি ৬২ লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি, একটি সংস্থার মালিকানাধীন ৬.৪১ একর জমির অধিকার অন্য সংস্থার হাতে তুলে দিতে জাল বোর্ড রেজোলিউশন ব্যবহারের অভিযোগও উঠেছে।
এই ঘটনায় গত মার্চ মাসে অভিযুক্তদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। পরে গত ১৫ সেপ্টেম্বর অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এবার তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হল।
এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরও কারা জড়িত, কোনও বড় চক্র এর পিছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি। তদন্ত এখনও চলছে।




