খড়্গপুর: গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, ৭৫ বছরে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির ছবিটাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকশিত ভারতের স্বপ্নের কথা শোনালেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল প্রযুক্তি, উদ্ভাবন এবং আগামী দিনের ভারতের সম্ভাবনার কথা। প্রধানমন্ত্রী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।” পাশাপাশি তাঁর বার্তা, “চ্যালেঞ্জকে আমি চ্যালেঞ্জ করি!”
https://x.com/nijunction/status/2124022449893425323?a=TdqF6mfwkq_dw92IhZQ&s=20
শনিবার সকাল ১০টার কিছু পরে নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে সফরসূচিতে কিছুটা পরিবর্তন করতে হয়। প্রথমে পরিকল্পনা ছিল, কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে পৌঁছবেন মোদী। কিন্তু আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সড়কপথেই ক্যাম্পাসে পৌঁছন তিনি।
আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রাকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে যুক্ত করে দেখেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তি ও গবেষণার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকশিত ভারতের লক্ষ্যে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তির ব্যবহারকেও বিশেষ গুরুত্ব দেন তিনি।
এই সফরে আইআইটি খড়্গপুরে চালু হওয়া চিকিৎসাবিদ্যার কোর্সের পঠনপাঠনের পরিকাঠামোও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট চত্বর পরিদর্শনের পাশাপাশি কয়েক জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষা ও গবেষণার পাশাপাশি চিকিৎসাক্ষেত্রেও প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।
১৯৫১ সালে যাত্রা শুরু করা আইআইটি খড়্গপুর দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ৭৫ বছরের এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটির অবদান স্মরণ করার পাশাপাশি আগামী দিনের প্রযুক্তিনির্ভর ভারতের দিশাও তুলে ধরল এই অনুষ্ঠান।




