স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে এক উইকেটের জয়। আর সেই জয়ের হাত ধরেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট উঠল ভারতের মাথায়। তরুণ ক্রিকেটারদের এমন অসাধারণ লড়াইয়ে মুগ্ধ ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সমাজমাধ্যমে একটি ছোট্ট বার্তায় দলের সাহস, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর সেই পোস্ট।
গম্ভীর লিখেছেন, ‘নির্ভীক ক্রিকেট, অটুট বিশ্বাস। লড়াইয়ের মানসিকতার কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার হয় না। এশিয়ার সেরা হওয়ার জন্য ছেলেদের অভিনন্দন।’ তাঁর এই মন্তব্যের মধ্যেই ধরা পড়েছে ফাইনালে ভারতীয় তরুণদের অসাধারণ লড়াইয়ের ছবি। কারণ, ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বারবার উইকেট হারিয়েও হাল ছাড়েনি ভারত।
একসময় ৪২তম ওভারে ২৫২ রানে আট উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তখন মনে হচ্ছিল, জয় বুঝি হাতছাড়া হতে চলেছে। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মনল চৌহানের ৪৭ রান এবং মোহিত উলভার অপরাজিত ৪৯ রানের দৌলতে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মোহিত। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নবমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত।
ফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক লক্ষ্ম্য রায়চন্দানি। তাঁর ৮০ রানের ইনিংসের পাশাপাশি বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীরের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ রান। দু’জনে মিলে মাত্র ১৭.৪ ওভারে ৯৫ রানের জুটি গড়েন। পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন আর্যবীর। পাঁচ ইনিংসে ৯০.২৫ গড়ে তাঁর সংগ্রহ ৩৬১ রান। একটি শতরান ও তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।
জয়ের পর আর্যবীর জানান, বড় লক্ষ্য হলেও সাজঘরে প্রত্যেকের বিশ্বাস ছিল, স্বাভাবিক খেলা খেলতে পারলেই জয় সম্ভব। অধিনায়ক লক্ষ্ম্য এবং শেষ দিকে মনল ও মোহিতের লড়াইয়ের প্রশংসাও করেছেন তিনি। তরুণদের এই আত্মবিশ্বাসী ক্রিকেটই মুগ্ধ করেছে গম্ভীরকে।




