নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফের চমক ভারতীয় জুটির। মহিলাদের ডাবলসে সপ্তম বাছাই জাপানের রিন ইওয়ানাগা ও কি নাকানিশিকে সরাসরি গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন ভারতের গায়ত্রী গোপীচন্দ ও তৃষা জলি। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ২১-১৬, ২১-১২ ব্যবধানে জয় পেলেন বিশ্ব ক্রমতালিকায় ৩৯ নম্বরে থাকা ভারতীয় জুটি। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেতে এখন তাঁদের জিততে হবে আর মাত্র একটি ম্যাচ।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাডমিন্টনের ঝড় তুলেছিলেন গায়ত্রী-তৃষা। জাপানের শক্তিশালী জুটিকে এক মুহূর্তের জন্যও ম্যাচে থিতু হতে দেননি তাঁরা। প্রথম গেমে ২১-১৬ জয়ের পর দ্বিতীয় গেমেও একই দাপট বজায় রাখেন দুই ভারতীয়। শেষ পর্যন্ত ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে মাত্র দুই গেমেই ম্যাচ পকেটে পুরে নেন তাঁরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম বাছাই জুটিকে হারানোয় নিঃসন্দেহে এটিই ভারতের অন্যতম বড় জয়।
এই জয়ের ফলে পদকের সমীকরণও একেবারে সামনে চলে এসেছে। কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন গায়ত্রী ও তৃষা, আর সেখানেই নিশ্চিত হয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে ভারতীয় জুটির আত্মবিশ্বাস তুঙ্গে। তবে বড় মঞ্চে চাপ না নিয়ে ম্যাচ ধরে ধরে এগোতেই চাইছেন তাঁরা।
জয়ের পর তৃষার কথাতেও সেই বাস্তবতার ছাপ। তিনি বলেন, পদক জেতার সুযোগ অবশ্যই তাঁদের মাথায় থাকবে। কিন্তু এই মুহূর্তে পরের ম্যাচের দিকেই মন দিতে চান তাঁরা। “বর্তমানে থাকতে হবে, এই জয়টা উপভোগ করতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে”এটাই তাঁদের মন্ত্র। এখন সেই এক ম্যাচের অপেক্ষা। কোয়ার্টার ফাইনালে আর একটি জয় এলেই ইতিহাসের পাতায় নাম লিখবে গায়ত্রী-তৃষা জুটি।