কলকাতা, নিউজ ডেস্ক: সাতসকালে বর্ষীয়ান সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। একের পর এক বোতল ছুড়ে হামলা চলে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, যে বা যারা এই হামলা চালিয়েছে, অন্যায় করেছে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন শমীক।
পাশাপাশি, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য। বলেন, 'আগের সরকার সমাজকে পুরো অসুস্থ বানিয়ে গেছে। তেমনই বহু মানুষের ক্ষোভ আছে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। তাই এই হামলার ঘটনায়। যদিও ব্যক্তিগত রেষারেষি হবে বলেও জানিয়েছেন শমীক। ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন।
বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ হামলার ঘটনা ঘটে। রাস্তা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সিপিআইএম নেতার বাড়ি লক্ষ্য করে বিয়ারের বোতল ছোড়ে বলে অভিযোগ৷ সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বাইকে করে আসেন। আর তারপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করেন ও সেই বোতল ছোড়া হয় বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, হামলাটি পূর্বপরিকল্পিত। তাঁর কথায়, মুখ ঢেকে এবং নম্বর প্লেট আড়াল করে হামলাকারীরা এসেছিল। খবর পেয়ে বিকাশরঞ্জনবাবুর বাড়িতে পৌঁছয় পূর্ব যাদবপুর থানার পুলিশ। মৌখিক বিবৃতির পর দায়ের করা হয় লিখিত অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আইনজীবী মহলে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি করেছে। এদিকে হামলার জন্য ‘হিন্দুত্ববাদীদের’ দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিকাশবাবু। বর্ষীয়ান সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব। সবাই যাতে সাবধানে হয়ে যায়।'
সম্প্রতি, পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে ফেরার পথে বামপন্থী আইনজীবী হিসেবে পরিচিত শামিম আহমেদ এবং তাঁর সহযোগী আইনজীবীরা আক্রান্ত হন বলে অভিযোগ। শামিমের দাবি, তাঁরা বেনাচাপাড়ায় ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পুলিশের সামনেই তাঁদের গাড়িতে হামলা হয়। বাঁশ, শাবল ও লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সঙ্গে থাকা এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন শামিম। এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।
