অবশেষে সিরিজ জয়ের স্বাদ পেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে পরপর সিরিজ হারের পর শনিবার জিম্বাবুয়েতে তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল মেন ইন ব্লু। হারারেতে এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ভারত তোলে ২১৯ রান। জবাবে ১২৯ রানেই শেষ জিম্বাবুয়ে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুরলেন আইয়াররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি ভারতের। বৈভব সূর্যবংশী (২০), অভিষেক শর্মা (৮) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৫) দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় দল। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষাণ ও তিলক ভার্মা। তিন নম্বরে নেমে ঈশান ৪৪ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে পাঁচ নম্বরে নেমে তিলক ২৯ বলে অপরাজিত ৬০ রান করে ইনিংসের শেষ পর্যন্ত থাকেন। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসেই ২০০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা কখনও লড়াইয়ে ফিরতে পারেনি। ব্রায়ান বেনেট (৩২), তাদিওয়ানাশে মারুমানি (২৪), রায়ান বার্ল (২০) ও এভান্স (১৯) কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে থামে জিম্বাবুয়ের ইনিংস।
ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে ভারতের হয়ে সবচেয়ে সফল অভিষেক শর্মা। মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। প্রিন্স যাদব ও যশ ঠাকুর নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান রবি বিষ্ণোই, শিবম দুবে এবং তিলক ভার্মা। ব্যাটে ঈশান কিষাণ ও তিলক ভার্মার ঝোড়ো ইনিংসের পর বল হাতেও বোলারদের দাপটে সহজ জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।