JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম
Breaking
India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা? Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা? Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র

India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া

India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: চিনকে ঘিরে এ বার আরও শক্ত হচ্ছে এশিয়ার দুই গুরুত্বপূর্ণ শক্তি ভারতের ও জাপানের কৌশলগত সমীকরণ। সরাসরি কোনও সামরিক জোট নয়, বরং প্রতিরক্ষা, প্রযুক্তি, নৌ-নিরাপত্তা এবং সামরিক মহড়ার এক বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করছে নয়াদিল্লি ও টোকিও। সেই সহযোগিতায় এবার নতুন মাত্রা যোগ হয়েছে। প্রথমবারের জন্য ভারতের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে জাপানের সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র-সহ বিভিন্ন অস্ত্রের লাইভ-ফায়ার মহড়া চালানোর সুযোগ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে জাপানের উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, যৌথ ক্ষেপণাস্ত্র গবেষণা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেজিংয়ের প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এই সমীকরণকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।

ভৌগোলিক অবস্থানের বিচারে ভারত ও জাপান চিনের দুই ভিন্ন প্রান্তে। ভারতের সঙ্গে চিনের দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। অন্য দিকে, জাপানের সঙ্গে চিনের বিরোধের প্রধান ক্ষেত্র পূর্ব চিন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। কিন্তু দুই দেশের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে একই শক্তি—চিন। বেজিংয়ের সামরিক আধুনিকীকরণ, নৌবাহিনীর সম্প্রসারণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত ও সামুদ্রিক বিরোধ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে নয়াদিল্লি ও টোকিওর।

সেই পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও কার্যকর করে তুলতে চাইছে দুই দেশ। গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে এই সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বৈঠকে অংশ নেন। দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, ভারতের সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সকে লাইভ-ফায়ার মহড়া চালানোর সুযোগ দেওয়ার বিষয়ে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা আগ্রহপত্রে সই করেছে দুই দেশ। এর ফলে ভবিষ্যতে ভারতের মাটিতে জাপানি সেনারা সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রশিক্ষণ নিতে পারবেন। বিশেষ করে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়ার বিষয়টিও এই সমঝোতার অন্তর্ভুক্ত।

এত দিন পর্যন্ত ভারত ও জাপানের সামরিক সহযোগিতা মূলত যৌথ মহড়া, নৌ-নিরাপত্তা, সামরিক তথ্য বিনিময় এবং প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বার ভারতের সামরিক পরিকাঠামো ব্যবহার করে জাপানের অস্ত্রের লাইভ-ফায়ার প্রশিক্ষণের সম্ভাবনা তৈরি হওয়ায় সহযোগিতা আরও বাস্তব রূপ পেতে চলেছে।

তবে এই সমঝোতাকে চূড়ান্ত সামরিক অনুমতি বলে ধরে নেওয়া ঠিক হবে না। এটি একটি লেটার অব ইনটেন্ট। প্রশিক্ষণের নির্দিষ্ট ক্ষেত্র, নিয়মকানুন এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দুই দেশের প্রতিরক্ষা কর্তাদের আরও আলোচনা করতে হবে। অর্থাৎ, এখনই ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু হয়ে গিয়েছে, এমন নয়।

গালওয়ান থেকে সেনকাকু, চিনকে ঘিরে অভিন্ন উদ্বেগ

ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পিছনে চিনের সামরিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নয়াদিল্লির কাছে বড় নিরাপত্তা উদ্বেগ হয়ে রয়েছে। তিব্বত ও জিনজিয়াং অঞ্চলে চিনের সামরিক পরিকাঠামো সম্প্রসারণ, নতুন বিমানঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বেজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও ভারতের কাছে উদ্বেগের বিষয়।

অন্য দিকে, জাপানের প্রধান উদ্বেগ পূর্ব চিন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে। দ্বীপগুলি জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও চিন সেগুলির উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। চিনের কোস্ট গার্ডের জাহাজগুলি নিয়মিত ওই অঞ্চলে টহল দেয়। পাশাপাশি তাইওয়ানকে কেন্দ্র করে চিনের সামরিক তৎপরতাও জাপানের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তাইওয়ান জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপপুঞ্জের অত্যন্ত কাছে।

অর্থাৎ, ভারতের কাছে চিনের চ্যালেঞ্জ মূলত স্থলসীমান্তকেন্দ্রিক হলেও জাপানের ক্ষেত্রে তা বেশি সামুদ্রিক। কিন্তু দুই দেশের আশঙ্কা একই—আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে সামরিক শক্তি ব্যবহার করতে পারে বেজিং। এই পরিস্থিতিতে একে অপরের সঙ্গে সামরিক যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি ও টোকিও।

ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, নজরদারিতে জোর

ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে সামুদ্রিক নিরাপত্তা। আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশই ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী এবং প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নির্ভরশীল। চিনের নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের বন্দর ও সামুদ্রিক পরিকাঠামো সম্প্রসারণ নিয়ে সতর্ক দুই দেশই।

গত ২০ অগস্ট নয়াদিল্লিতে রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমির বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতাপত্রে সই হয়েছিল। সেই কাঠামোর আওতায় দুই দেশের নৌবাহিনীর মধ্যে তথ্য বিনিময়, সমুদ্রপথে নজরদারি, উদ্ধার অভিযান, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং জাহাজের রক্ষণাবেক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এ বার টোকিওর বৈঠকে সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। বিশেষ করে ‘মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস’ বা সমুদ্রসীমায় কী ধরনের সামরিক ও বাণিজ্যিক তৎপরতা চলছে, তার উপর নজরদারি বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। সমুদ্রপথে সন্দেহজনক জাহাজের গতিবিধি, সাবমেরিনের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা বাড়তে পারে।

এ ছাড়া মাইন প্রতিরোধের প্রযুক্তি, যৌথ নৌযান নির্মাণ এবং একে অপরের জাহাজ মেরামতের পরিকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে শুধু মহড়া নয়, বাস্তব সামরিক কার্যকলাপেও সমন্বয় বাড়ানোর পথ খুলছে।

যুদ্ধজাহাজে জাপানের উন্নত প্রযুক্তি, ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’য় নতুন মাত্রা

প্রতিরক্ষা সহযোগিতার আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম নির্মাণ। এই ক্ষেত্রে ‘ইউনিকর্ন’ বা ‘ইউনিফায়েড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা’ প্রকল্প বিশেষ তাৎপর্যপূর্ণ। জাপানের তৈরি এই প্রযুক্তিতে যুদ্ধজাহাজের একাধিক যোগাযোগ অ্যান্টেনাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়। ফলে জাহাজের উপর আলাদা আলাদা অ্যান্টেনার প্রয়োজন কমে। একই সঙ্গে তড়িৎচৌম্বকীয় সংকেতের পারস্পরিক বাধা কমানো এবং জাহাজের রাডারে ধরা পড়ার সম্ভাবনা কিছুটা কমানোর সুবিধা রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে এই প্রযুক্তি নিয়ে যৌথ উদ্যোগের বিষয়ে ভারত ও জাপানের মধ্যে সমঝোতা হয়েছিল। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে জাপানের সংশ্লিষ্ট সংস্থাগুলি এই প্রকল্পে কাজ করছে। লক্ষ্য, জাপানের প্রযুক্তিগত দক্ষতা এবং ভারতের উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য এই ব্যবস্থা তৈরি করা।

টোকিওর সাম্প্রতিক বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’ বা প্রকল্পের প্রয়োজনীয়তার প্রাথমিক সরকারি অনুমোদন পাওয়ার বিষয়ে আশাবাদী দুই পক্ষ। এ ছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং জাপানের অ্যাকুইজিশন, টেকনোলজি অ্যান্ড লজিস্টিকস এজেন্সি বা এটিএলএ-র মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সামরিক প্রযুক্তি নির্মাণে দুই দেশের সহযোগিতা আরও বাড়তে পারে।

এখানে ভারতের লাভ শুধু উন্নত প্রযুক্তি পাওয়া নয়। দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর সুযোগও তৈরি হচ্ছে। জাপানের কাছে ভারতের বিশাল বাজার ও উৎপাদন পরিকাঠামোও গুরুত্বপূর্ণ।

কোয়াডের বাইরেও বাড়ছে সামরিক যোগাযোগ

ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে যৌথ সামরিক মহড়ার গুরুত্বও যথেষ্ট। স্থল, জল এবং আকাশ—তিন ক্ষেত্রেই নিয়মিত মহড়া চালাচ্ছে দুই দেশ। স্থলবাহিনীর যৌথ মহড়া ‘ধর্ম গার্ডিয়ান’ ২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় সন্ত্রাসবাদ মোকাবিলা, ছোট এলাকায় যুদ্ধ এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।
নৌবাহিনীর ক্ষেত্রে রয়েছে ‘জাইমেক্স’। ২০১২ সালে শুরু হওয়া এই মহড়ায় সাবমেরিনবিরোধী অভিযান, সমুদ্রপথে নজরদারি, আকাশপথের হুমকি মোকাবিলা এবং উদ্ধার অভিযানের প্রশিক্ষণ দেওয়া হয়।

বায়ুসেনার ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে। ২০২৩ সালে জাপানে প্রথম ‘বীর গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতের সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান জাপানের এফ-২ এবং এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয়। ২০২৬ সালের মহড়ায় প্রথমবার জাপানের যুদ্ধবিমান ভারতে এসে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি ভারত, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের সামুদ্রিক মহড়া মালাবারেও অংশ নেয় দুই দেশ। ফলে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ভারত ও জাপানের সামরিক যোগাযোগ ক্রমশ গভীর হচ্ছে।

সামরিক জোট নয়, চিনকে নিয়ন্ত্রণে রাখার কৌশলগত নেটওয়ার্ক

তবে এত কিছুর পরেও ভারত ও জাপানের সম্পর্ককে আনুষ্ঠানিক সামরিক জোট বলা যাচ্ছে না। দুই দেশের মধ্যে এমন কোনও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই, যার মাধ্যমে একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশকে বাধ্যতামূলক ভাবে যুদ্ধে যোগ দিতে হবে। ভারত বরাবরই কৌশলগত স্বায়ত্তশাসনের নীতিতে বিশ্বাসী। অন্য দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদ দেশটির সামরিক ভূমিকার উপর বিশেষ সীমাবদ্ধতা তৈরি করেছে। ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়লেও ন্যাটোর মতো কোনও প্রতিরক্ষা জোট গড়ে ওঠার সম্ভাবনা আপাতত নেই।

এ ছাড়া চিনের সঙ্গে দুই দেশেরই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই সরাসরি সংঘাতের পথে না গিয়ে সামরিক প্রস্তুতি, প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে তারা। বিশেষজ্ঞদের মতে, ভারত ও জাপান আসলে এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, যেখানে কোনও একটি দেশ একা নয়, বরং একাধিক সহযোগী রাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে পারবে। চিনের সামরিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়িয়ে দেওয়াই এই কৌশলের মূল উদ্দেশ্য।

ভারতের মাটিতে জাপানি সেনার ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণের সম্ভাবনা, দুই দেশের নৌবাহিনীর মধ্যে তথ্য বিনিময়, যৌথ প্রযুক্তি গবেষণা এবং প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ—সব মিলিয়ে সেই কৌশলগত নেটওয়ার্কই ক্রমশ বিস্তৃত হচ্ছে। বেজিংয়ের জন্য এই নতুন সমীকরণ কতটা চাপ তৈরি করবে, তা ভবিষ্যৎ বলবে। তবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ও জাপানের সামরিক সহযোগিতা যে নতুন পর্যায়ে পৌঁছচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই।

1 Views 0 Likes 0 Comments

Related News

মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির
বিদেশ

মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির

নিউজ ডেস্ক: জঙ্গলে মাশরুম খুঁজতে গিয়ে এমন দৃশ্যের মুখোমুখি হবেন, তা কল্পনাও করেননি স্থানীয় বাসিন্দারা। শুকনো পাতা আর ডালপালার স্তূপের পাশে ফণা না তুলেও সতর্ক অবস্থায় পাহারা দিচ্ছে বিশাল এক সাপ। কাছে যেতেই বোঝা গেল, সেটি ...

২৪ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 4 মিনিট
Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের
বিদেশ

Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল

২৪ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ নিয়ে ঘনাচ্ছে রহস্য
বিদেশ

Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় কার্যত একচ্ছত্র আধিপত্য এনভিডিয়ার। সেই সংস্থার শীর্ষ পদে আবার ফিরেছেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের মধ্যেও কাটছে না বিতর্কের মেঘ। বরং নতুন করে আলোচনায় উঠ...

২৪ নভে ২০২৬, ০৯:১৪ এএম · 3 মিনিট
Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’
বিদেশ

Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি ল...

সোমবার ঢাকার সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নাহিদ। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে উসকে দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা রয়েছে। একইসঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলে মত প্রকাশ করেন এনসিপি নেতা।

২৪ নভে ২০২৬, ০৮:৫৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.