নিউজ ডেস্ক: বিয়ের আয়োজন বলে কথা! আর সেই আয়োজন যদি হয় বিহারের মকামার বহুলচর্চিত নেতা অনন্ত সিংয়ের মেয়ের, তাহলে চমকের যে শেষ থাকবে না, সেটাই স্বাভাবিক। মেয়ের বিয়েতে কার্যত গোটা দেশকেই আমন্ত্রণ জানিয়েছেন অনন্ত সিং। শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়া হয়েছে আমন্ত্রণের দরজা। এবার সেই বিয়ের এলাহি আয়োজন ঘিরেই দেশজুড়ে চর্চা তুঙ্গে।
https://www.facebook.com/share/v/19trZVre1E/
আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র ঋষিকেশ কুমার ওরফে অঙ্কিত। পাত্রের বাবা রণবিজয় কুমার। বিহারের পাটনা জেলার নিজের পৈতৃক গ্রাম লাদমায় বসেছে বিয়ের আসর। প্রায় চার লক্ষ অতিথির আপ্যায়নের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব-সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পৌঁছেছে চলচ্চিত্র ও বিনোদন জগতের তারকাদের কাছেও।
আয়োজনের বহরও রীতিমতো চোখধাঁধানো। অতিথিদের জন্য তৈরি হয়েছে ১২টি বিশাল প্যান্ডেল। একটি প্যান্ডেলে থাকছে তাজমহলের আদলে বিশেষ সাজসজ্জা। ভোজের জন্য তৈরি হয়েছে বিশাল রান্নাঘর। সেখানে ২০০-রও বেশি কারিগর এবং ৫০টির বেশি মাটির উনুনে চলছে রান্নার প্রস্তুতি। সবচেয়ে চমকপ্রদ বিষয়, অতিথিদের আপ্যায়নে তৈরি করা হচ্ছে প্রায় ৫০ লক্ষ গোলাপজামুন!
শুধু খাওয়াদাওয়া নয়, বিনোদনেও থাকছে বিশেষ চমক। বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতার। আর সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে মহিন্দ্রা থর গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য থাকছে মোটরবাইক ও স্কুটার। ভিআইপি অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হয়েছে বিশাল হেলিপ্যাডও।
অনন্ত সিংয়ের বক্তব্য, যাঁদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছয়নি, তাঁরাও চাইলে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাঁর কাছে এই বিয়ে শুধুমাত্র পারিবারিক অনুষ্ঠান নয়, বরং গোটা এলাকার উৎসব। সব মিলিয়ে বিয়ের আগেই সংবাদ শিরোনামে অনন্ত সিংয়ের মেয়ের রাজকীয় বিবাহ অনুষ্ঠান।




