কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে যা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। রবিবার ম্যাচ শুরুর আগে দুই দেশের ক্রিকেটাররা মাঠে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গাইলেন ‘বন্দে মাতরম’। শুধু প্রথম দু’টি স্তবক নয়, বাজানো হল জাতীয় স্তোত্রটির ছ’টি স্তবকই। তার পর অবশ্য যথারীতি বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। ক্রিকেটাররাও তাতে গলা মেলান। কিন্তু হঠাৎ করে ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক বাজানোয় উঠছে প্রশ্ন। তবে কি ক্রিকেটের ময়দানেও জাতীয় সঙ্গীতের আগে নতুন কোনও রীতি চালু হতে চলেছে?
বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সেই রীতিই মেনে ‘বন্দে মাতরম’-এর পর ‘জনগণমন’ বাজানো হয়। তবে ছ’টি স্তবক বাজানোর সিদ্ধান্তই নজর কেড়েছে। রবিবারের ম্যাচের আয়োজক ছিল আফগানিস্তান। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারায় কার্যত ভারতকেই ঘরের মাঠ হিসাবে ব্যবহার করছে আফগানিস্তান। ফলে প্রশ্ন উঠেছে, এই অতিরিক্ত আয়োজনের কথা আফগান ক্রিকেট বোর্ড বা দলের আধিকারিকদের আগে থেকে জানানো হয়েছিল কি না।
সূত্র: https://x.com/Knight_riders18/status/2099389782724075779?s=20
এই আবহেই বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের নেতা উদিত রাজ প্রশ্ন তুলেছেন, "অকারণে এসবের কী মানে?" তাঁর কথায়, "'বন্দে মাতরম' গাইলেই কি ভারতীয় দল আরও শক্তিশালী হয়ে যাবে? দেশের বিজ্ঞান-প্রযুক্তির উন্নতি বা তরুণ প্রজন্মের সমস্যার সমাধান কি এতে হবে?" ‘বন্দে মাতরম’-এর কতগুলি স্তবক গাওয়া হবে, তা নিয়েই যে রাজনৈতিক চাপানউতোর চলছে, ক্রিকেটের মাঠে ছ’টি স্তবক বাজানোয় সেই বিতর্কই ফের সামনে এসেছে। কংগ্রেস আগেই জানিয়েছে, সরকারি অনুষ্ঠানে তারা গানটির প্রথম দু’টি স্তবকেই সীমাবদ্ধ থাকতে চায়।
এর মধ্যেই আরও জল্পনা তৈরি হয়েছে বিসিসিআইয়ের সম্ভাব্য পরিকল্পনাকে কেন্দ্র করে। সূত্রের খবর, ঘরের মাঠে ভারতীয় দলের সিরিজের প্রথম ম্যাচে ভবিষ্যতে ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক বাজানোর কথা ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি বোর্ড। ফলে দিল্লির ম্যাচে ‘বন্দে মাতরম’ বাজানো নিছক এক দিনের আয়োজন, নাকি নতুন কোনও রীতির সূচনা? সেটিই এখন বড় প্রশ্ন। মাঠে ক্রিকেট, আর মাঠের বাইরের রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দুতে জাতীয় স্তোত্র।