স্পোর্টস ডেস্ক: ফুটবলের মহারণ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে তিলোত্তমা কলকাতায়। আগামী ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি তথা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই ঐতিহাসিক ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক। ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে। ম্যাচ শুরুর ঠিক আগে তাঁরাই মাঠে নিয়ে আসবেন অফিসিয়াল ম্যাচ বলটি। দুই প্রাক্তন তারকার এই যুগলবন্দি যে যুবভারতীর গ্যালারিতে বাড়তি উন্মাদনা তৈরি করবে, তা বলাই বাহুল্য।
যুবভারতীর ইতিহাসে এই ম্যাচ একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। কলকাতার মাটিতে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে ব্রাজিলের সিনিয়র দল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের আগমন ঘিরে ইতিমধ্যেই শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তার ওপর ম্যাচের আগে বল হাতে মাঠে প্রবেশ করবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড আইএম বিজয়ন। ভারতীয় ফুটবলে তাঁর অবদান এবং অসাধারণ গোল করার দক্ষতা তাঁকে কিংবদন্তির আসনে বসিয়েছে। দেশের ফুটবলপ্রেমীদের কাছে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ।
অন্যদিকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম। মোহনবাগানের জার্সিতে দীর্ঘদিন খেলে সমর্থকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি। সবুজ-মেরুন সমর্থকদের কাছে 'সবুজ তোতা' নামে পরিচিত ব্যারেটো যেন কলকাতার ফুটবল সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। এ বার সেই ব্যারেটোই ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন শুভেচ্ছা দূত হিসেবে। একদিকে ভারতীয় ফুটবলের গর্ব বিজয়ন। অন্যদিকে কলকাতার ঘরের ছেলে ব্যারেটো, দু'জনের একই সঙ্গে মাঠে প্রবেশ নিঃসন্দেহে হয়ে উঠতে পারে ম্যাচের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে ভারত ও ব্রাজিলের ফুটবলীয় সম্প্রীতির বার্তাও তুলে ধরতে চাইছেন আয়োজকেরা। দুই দেশের ফুটবল সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর পাশাপাশি ম্যাচের আকর্ষণ আরও বাড়াবে এই বল প্রেজেন্টেশন। কার্লো আনচেলত্তির প্রশিক্ষণে ব্রাজিলের তারকাখচিত দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। একদিকে সাম্বা ফুটবলের ঐতিহ্য। অন্যদিকে ঘরের মাঠে ভারতীয় দলের লড়াই। সব মিলিয়ে ৩ অক্টোবরের অপেক্ষায় এখন তামাম ফুটবল দুনিয়া। তার আগে বিজয়ন ও ব্যারেটোর যুগলবন্দি সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে।