স্পোর্টস ডেস্ক: ৫০ ওভারের ম্যাচে একই দলের তিন-তিনজন ব্যাটারের নামের পাশে তিন অঙ্কের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে অতীতে এমন ঘটনা ঘটেছে একাধিকবারই। ২০১৫ সালেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের অন্তিম তথা ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস এবং এবি ডি'ভিলিয়ার্স। বুধবারের বারবেলায় গুয়াহাটির মাঠে ভারতীয়দের জন্য সেই দুঃস্বপ্নের স্মৃতি আবার ফেরত আনলেন ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, অধিনায়ক শাই হোপ এবং আমির জাঙ্গু। বর্ষাপাড়ায় তিন ব্যাটারের রান-বর্ষায় ৭ উইকেটে ৪০৫ রানের পর্বত খাড়া করল ক্যারিবিয়ানরা।
এ দিকে শুধু ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারই নন, একটি বিরল কীর্তি গড়েছেন টিম ইন্ডিয়ার বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও। ৪৬ তম ওভারের প্রথম বলেই কিমো পলকে আউট করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক এ দিন স্পর্শ করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, বলের হিসেবে তৃতীয় দ্রুততম ২০০ উইকেটের নজির গড়েছেন কুলদীপ। ২০০ উইকেট নিতে তিনি নিয়েছেন ৬,৩১৯টি বল। তাঁর আগে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের সাকলিন মুস্তাক (৫,৪৫১ বল) এবং আফগানিস্তানের রশিদ খান (৫,৭৮২ বল)।
এ ছাড়া ভারতের হয়ে ম্যাচের সংখ্যার নিরিখে দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ১২৩টি একদিনের ম্যাচ খেলা কুলদীপ। তাঁর ওপরে রয়েছেন শুধু মহম্মদ শামি। যিনি মাত্র ১০৪টি ওডিআই ম্যাচেই পৌঁছে গিয়েছিলেন ২০০ উইকেটে। তবে কুলদীপের এই কীর্তি এ দিন কার্যত ম্লানই হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান ব্যাটিং-প্রদর্শনে। ১০১ রান করে ক্যাম্পবেল আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে জাঙ্গুকে নিয়ে ১৮২ রানের জুটি গড়েন অধিনায়ক হোপ। তাঁর নামের পাশে ঝকঝকে ১০৪ রান। অন্যদিকে ১১৪ করে আউট হন জাঙ্গু। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন গুরনূর ব্রার, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা।
শুভমান গিলদের সামনে লক্ষ্যটা বিরাট। জিততে হলে করতে হবে ৪০৬ রান। আজ পর্যন্ত ওডিআইতে সবথেকে বেশি ৩৬০ রানই তাড়া করতে জিততে পেরেছে টিম। অর্থাৎ বর্ষাপাড়ায় জিতে সিরিজ নিশ্চিত করতে ছাপিয়ে যেতে হবে সেই রেকর্ডকে। এ দিকে এ দিন জোড়া মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বর্ষাপাড়ায় এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই সেঞ্চুরি করেছেন বিরাট। এ বার তাঁর সামনে হ্যাট্রিকের হাতছানি। অন্যদিকে ১২ হাজার রান থেকে মাত্র অল্পই দূরে অবস্থান করছেন হিটম্যান।
