হাবিবুর রহমান, ঢাকা: দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় এসেছেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তারা আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই কর্মকর্তারা জানান, প্রতিনিধিদলের সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ করে গেছেন।
সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে।
এ ছাড়া এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
গত দুই বছরে দুই দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।