নয়াদিল্লি: বিয়ে বাড়ি, তীর্থযাত্রা কিংবা স্কুল-কলেজের শিক্ষামূলক ভ্রমণ—একসঙ্গে অনেকের ট্রেনের টিকিট কাটতে গিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হত যাত্রীদের। বিশেষ করে নির্দিষ্ট সংখ্যার বেশি আসন বা বার্থ একসঙ্গে বুক করার ক্ষেত্রে ছিল নানা বিধিনিষেধ। সেই সমস্যা কিছুটা কমাতে গ্রুপ ও বাল্ক টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রেল। নতুন নির্দেশিকায় দলগত সংরক্ষণের ক্ষেত্রে বার্থ বুকিংয়ের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে বড় দল নিয়ে একসঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা আরও সহজ হতে পারে। তবে এই সুবিধা আপাতত দক্ষিণ পশ্চিম রেলওয়ের (South Western Railway) অধীনেই কার্যকর হচ্ছে। দেশের সব রেল জোনে একই নিয়ম চালু হয়েছে, এমনটা নয়।
কত জনের টিকিট একসঙ্গে কাটা যাবে?
দক্ষিণ পশ্চিম রেলওয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে একসঙ্গে কতগুলি বার্থ সংরক্ষণ করা যাবে, তার নির্দিষ্ট কোনও ঊর্ধ্বসীমা আর থাকছে না। আগে বিভিন্ন শ্রেণির সংরক্ষিত আসনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও অনুমোদনের স্তর অনুযায়ী গ্রুপ বুকিংয়ের ব্যবস্থা ছিল। নতুন নিয়মে সেই নির্দিষ্ট বার্থ-সীমা তুলে দেওয়া হয়েছে।
এ বার থেকে সংশ্লিষ্ট রেল আধিকারিকদের অনুমোদন সাপেক্ষে চিফ রিজার্ভেশন সুপারভাইজার (CRS) এবং স্টেশন ম্যানেজাররা গ্রুপ বুকিংয়ের আবেদন মঞ্জুর করতে পারবেন। অর্থাৎ, কতগুলি বার্থ একসঙ্গে বুক করা যাবে, তা আর আগের মতো নির্দিষ্ট সংখ্যার মধ্যে আটকে থাকবে না। তবে আবেদনকারীদের রেলের নির্ধারিত শর্ত ও যাচাইপ্রক্রিয়া মেনে চলতে হবে।
বিয়ে, তীর্থযাত্রা থেকে শিক্ষামূলক ভ্রমণ, কারা পাবেন সুবিধা?
রেলের এই সুবিধা মূলত প্রকৃত দলগত ভ্রমণের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বরযাত্রী বা কনেযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়াদের শিক্ষামূলক সফর, তীর্থযাত্রীদের দল, খেলোয়াড়দের প্রতিনিধি দল কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া শিল্পীরা এই ব্যবস্থার আওতায় পড়বেন।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সব শ্রেণির যাত্রার ক্ষেত্রেই গ্রুপ বুকিংয়ের আবেদন করা যাবে। টিকিট কনফার্মড, আরএসি (RAC) কিংবা ওয়েটিং লিস্টে থাকলেও নির্ধারিত নিয়ম মেনে আবেদন করা সম্ভব। তবে বার্থের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার অর্থ এই নয় যে কোনও নির্দিষ্ট ট্রেনে আবেদন করলেই প্রত্যেকের আসন নিশ্চিত হয়ে যাবে। ট্রেনে আসন বা বার্থের প্রাপ্যতা এবং রেলের অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ থাকবে।
আবেদন করতে হবে সরাসরি, এজেন্টের মাধ্যমে নয়
গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আবেদনকারীদের সরাসরি সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। সাধারণভাবে ট্রাভেল এজেন্টের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে না। তবে বিদেশি পর্যটক এবং অনাবাসী ভারতীয়দের (NRI) জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ব্যতিক্রম থাকছে।
আবেদনের সময় ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করে জানাতে হবে। পাশাপাশি দলের প্রত্যেক যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ছাড়া জমা পড়া আবেদন অনুমোদন পাবে না। এর ফলে প্রকৃত দলগত ভ্রমণের আবেদন এবং নিয়মের অপব্যবহারের চেষ্টা—দুটির মধ্যে পার্থক্য করা সহজ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
কখন জমা দিতে হবে আবেদন?
নতুন নিয়মে গ্রুপ বুকিংয়ের আবেদন জমা দেওয়ার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বড় রিজার্ভেশন কেন্দ্রগুলিতে অগ্রিম সংরক্ষণের সময়সীমা (Advance Reservation Period বা ARP) শুরু হওয়ার দিন সকাল ৯টা থেকে এই ধরনের আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ, সাধারণ সংরক্ষণ শুরু হওয়ার এক ঘণ্টা পর থেকে গ্রুপ বুকিংয়ের প্রক্রিয়া চালু হবে।
ফেরার যাত্রার টিকিটের জন্যও একই রিজার্ভেশন অফিসে আবেদন করা যেতে পারে। তবে যাওয়া এবং ফেরার যাত্রাকে দুটি পৃথক বুকিং হিসেবেই বিবেচনা করা হবে।
অপব্যবহার রুখতে নজরদারির ব্যবস্থা
বড় সংখ্যায় বার্থ বুকিংয়ের সুযোগ তৈরি হওয়ায় তার অপব্যবহার যাতে না হয়, সে দিকেও নজর রাখছে রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, অনুমোদিত প্রতিটি গ্রুপ বুকিংয়ের জন্য আলাদা রেজিস্টার রাখতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। আবেদনপত্র এবং যাত্রীদের তালিকার প্রতিটি পাতায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সিল ও স্বাক্ষর থাকতে হবে। শুধুমাত্র প্রকৃত দলগত ভ্রমণের ক্ষেত্রেই এই সুবিধা দেওয়ার নির্দেশ রয়েছে।
দক্ষিণ পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ডি মঞ্জুনাথ কানামাড়ি জানিয়েছেন, কমার্শিয়াল সার্কুলার (কোচিং) নম্বর 37/2026 এবং রেট অ্যাডভাইস নম্বর 11/2026-এর মাধ্যমে নতুন নির্দেশিকা জারি হয়েছে। আগের গ্রুপ ও বাল্ক বুকিং সংক্রান্ত নির্দেশিকার পরিবর্তে এই নিয়ম কার্যকর হবে।
বড় দল নিয়ে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নতুন নিয়ম নিঃসন্দেহে স্বস্তি দিতে পারে। বিশেষ করে বিয়ের মরসুম, পুজো কিংবা তীর্থযাত্রার সময়ে একসঙ্গে অনেকের টিকিটের ব্যবস্থা করতে গিয়ে যে জটিলতা তৈরি হয়, তা কমার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত এই পরিবর্তন দক্ষিণ পশ্চিম রেলওয়ের নির্দেশিকার ভিত্তিতে। অন্য রেল জোনের যাত্রীদের ক্ষেত্রে একই সুবিধা চালু হয়েছে কি না, তা সংশ্লিষ্ট জোনের নির্দেশিকা দেখে নিশ্চিত হতে হবে।




