নিউজ ডেস্ক: ইন্দ্রনীল সেনকে ঘিরে আর্থিক লেনদেনের তদন্তে এবার আরও বড় পদক্ষেপের সম্ভাবনা। স্ত্রীকে তলব করার পর এবার তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে এসেছে একাধিক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি। বিশেষ করে ২২ লক্ষ ৪৭ হাজার টাকার লেনদেন ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রবিবারের তদন্তে নতুন করে গুরুত্ব পাচ্ছে এই আর্থিক যোগসূত্র। তদন্তকারীরা জানতে চাইছেন, মাস আর্ট সোসাইটির অ্যাকাউন্ট থেকে ওই দুই সংস্থায় টাকা পাঠানোর কারণ কী ছিল এবং সংশ্লিষ্ট লেনদেনের সঙ্গে পুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রির কোনও সম্পর্ক রয়েছে কি না। পাশাপাশি সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক নথিও খতিয়ে দেখা হচ্ছে।
শুধু ইন্দ্রনীলের পরিবারের সদস্যরাই নন, তাঁর ঘনিষ্ঠ একাধিক সংস্থার কর্মীদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে পুলিশের। কার নির্দেশে টাকা লেনদেন হয়েছিল, কোন সংস্থা কী ভূমিকা পালন করেছিল এবং শেষ পর্যন্ত সেই অর্থ কোথায় পৌঁছেছিল, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রিতে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারের অভিযোগ থেকেই এই তদন্তের সূত্রপাত। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই সংক্রান্ত আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনও চলছে। তাঁর মেয়ের ভূমিকা নিয়েও এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।




