নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে যখন INDIA জোটের শক্তিপ্রদর্শনের প্রস্তুতি, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ময়দানে নামছে বিজেপি। রবিবার হরিয়ানার রোহতকে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রার নেতৃত্ব দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিতেই এই কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির।
বিজেপির তরফে জানানো হয়েছে, বিরোধীদের ছড়ানো ‘ভুল তথ্য, অপপ্রচার এবং পরিকল্পিত বিশৃঙ্খলা’র বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। দলের দাবি, গণতন্ত্রের নামে বিরোধীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই অভিযোগের জবাব দিতেই সরাসরি মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।
দলীয় সূচি অনুযায়ী, রোহতকের ছোটু রাম পলিটেকনিক গ্রাউন্ড থেকে শুরু হবে নীতিন নবীনের পদযাত্রা। শেষ হবে মডেল টাউনের ডি-পার্কে। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি জনসভায় বক্তব্য রাখার কথা তাঁর। এই কর্মসূচিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, রাজ্য বিজেপি সভাপতি অর্চনা গুপ্তা-সহ দলের একাধিক শীর্ষ নেতা এবং কর্মীদের উপস্থিত থাকার কথা।
শুধু রোহতক নয়, হরিয়ানার ফরিদাবাদেও একই দিনে পদযাত্রার আয়োজন করেছে বিজেপি। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। অর্থাৎ একই দিনে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি করে বিরোধীদের রাজনৈতিক প্রচারের পাল্টা বার্তা দিতে চাইছে বিজেপি।
উল্লেখ্য, রবিবারই দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ। SIR প্রক্রিয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠেছে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতার এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।
অন্যদিকে, রোহতকের এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের পাল্টা বক্তব্যও সামনে এসেছে। হরিয়ানা কংগ্রেস সভাপতি রাও নরেন্দ্র সিং বিজেপির পদযাত্রাকে রাজনৈতিক প্রশ্ন থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা বলে কটাক্ষ করেছেন। রোহতকের কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডার দাবি, বিজেপির এই কর্মসূচি দিল্লির সমাবেশে মানুষের অংশগ্রহণ কমাতে পারবে না।
ফলে একই দিনে দিল্লি ও হরিয়ানায় দুই শিবিরের পৃথক কর্মসূচি ঘিরে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত। একদিকে ভোটাধিকার রক্ষার দাবি, অন্যদিকে বিরোধীদের প্রচারের বিরুদ্ধে বিজেপির পাল্টা অভিযান রবিবারের রাজনৈতিক লড়াই এখন নজরে গোটা দেশের।




