নিউজ ডেস্ক: আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই সভা ডাকা হয়েছে। রবিবার ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। এই কর্মসূচিতে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ INDIA জোটের ২১টি দলের প্রতিনিধিত্ব থাকার কথা। আর সেই সমাবেশে প্রাক্তন সেনাকর্মীদের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। রাজনৈতিক মঞ্চে তাঁদের যোগদানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রবিবারের এই সমাবেশের মূল কর্মসূচি ‘চলো দিল্লি’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধী জোট। বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিল এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠছে এই মঞ্চ থেকে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব-সহ বিরোধী নেতৃত্বের উপস্থিতি হবে সেখানে। সমাবেশকে কেন্দ্র করে দিল্লিতে ৪ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়াও রামলীলা ময়দানে উপস্থিত থাকবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনদেরও মিছিলে হাঁটার কথা। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে দেশের রাজধানীতে হাজির হয়েছেন বিরোধী দলগুলির লক্ষাধিক নেতা-কর্মী। নিরাপত্তার জন্য ২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। পুলিশ জানিয়েছে, তার বেশি জমায়েতের সম্ভাবনা তৈরি হলে গন্তব্যে পৌঁছোনোর আগেই ভিড় আটকে দেওয়া হতে পারে।




