নয়াদিল্লি: দিল্লি, প্রস্তুত হয়ে যাও! ভোট বাঁচাও, দেশ বাঁচাও। একসঙ্গে পথে নামতে হবে। কেউ কনট প্লেসে চলে আসুন, কেউ সরাসরি পৌঁছে যান রামলীলা ময়দানে। কিন্তু আসতেই হবে! INDIA জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচির আগে রবিবার সকালে ফের এই ভাষাতেই দেশবাসীর উদ্দেশে আবেদন জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর এই বার্তাকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রবিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন রাহুল। সেখানে তিনি লেখেন, “দিল্লি, প্রস্তুত হয়ে যাও! ভোট বাঁচাও, দেশ বাঁচাও। কনট প্লেসে এসো, একসঙ্গে মিছিল করি। অথবা সরাসরি রামলীলা ময়দানে চলে এসো। কিন্তু তোমাদের আসতেই হবে।” ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার দাবিতে সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
https://x.com/RahulGandhi/status/2116771018220192019?a=ekLbVo0x5-1EcsyCeGs&s=20
রাহুলের এই আবেদন মূলত ১ নভেম্বরের INDIA জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া এবং কথিত ভোটার তালিকা অনিয়মের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, SIR-এর নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হচ্ছে বলে দাবি তাদের।
এই কর্মসূচির অন্যতম প্রধান দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। যদিও নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতেই সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে।
মিছিলের রুটও ইতিমধ্যে ঘোষণা করেছেন রাহুল। কনট প্লেসের মিন্টো রোড জংশন থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে আজমেরি গেট হয়ে মিছিল পৌঁছবে রামলীলা ময়দানে। দুপুর ১২টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা। এই কর্মসূচিতে ২১টি বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকার কথা।
এর আগে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি পালন করে বিরোধীরা। সেখানে একাধিক বিরোধী নেতা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, রবিবারের সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের জমায়েতের সম্ভাবনায় যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করেছে প্রশাসন।
সব মিলিয়ে ভোটার তালিকা বিতর্ককে সামনে রেখে রাস্তায় নেমেছে INDIA জোট। রাহুল গান্ধীর ‘আসতেই হবে’ আবেদন কতটা জনসমাগম তৈরি করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




