নিউজ ডেস্ক: চা বাগানের ভিতরে বেশ কয়েকদিন ধরেই চলছিল অস্বস্তিকর পরিস্থিতি। কখনও ঝোপঝাড়ের আড়ালে দেখা মিলছিল বন্যপ্রাণীর ,আবার কখনও রাতের নিস্তব্ধতা ভেঙে আসছিলো অদ্ভুত শব্দ। আতঙ্কে সন্ধ্যার পর থেকে বাগানের ভিতরে যাতায়াতেও সতর্ক থাকতে হচ্ছিল শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের। শেষ পর্যন্ত বন দফতরের তাৎপরতায় পরিস্থিতির পরিবর্তন ঘটল। একটি ঘটনায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জলপাইগুড়ির বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানের বাসিন্দারা।
ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রাইয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানের ওই এলাকায় চিতাবাঘের আনাগোনায় আতংক ছড়ায় শ্রমিকদের মধ্যে। গত ২০ নভেম্বর বনদপ্তরের পক্ষ থেকে ১৫ নম্বর সেকশনে একটি খাঁচা পাতা হয়। এরপর থেকেই চিতাবাঘটিকে ধরার অপেক্ষায় ছিলেন বনকর্মীরা। তাঁদের আশা ছিল, চিতা বাঘটিকে খাঁচা বন্দি করা সম্ভব হবে।
অবশেষে রবিবার গভীর রাতে সেই অপেক্ষার অবসান ঘটে। খাঁচার ভিতর থেকে ভেসে আসে চিতা বাঘের গর্জন। খাঁচাতেই ধরা পড়ে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি। চিতাবাঘের গর্জনের শব্দ শুনতে পান চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। শব্দের উৎস খুঁজতে খাঁচার কাছে পৌঁছতেই তাঁদের নজরে আসে খাঁচার ভিতরে বন্দি অবস্থায় রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। মুহূর্তের মধ্যেই বিষয়টি জানানো হয় বন দফতরের কাছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর সব কিছু খতিয়ে দেখার পর নিয়ম মেনে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ডুয়ার্সের চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা নতুন ঘটনা নয়। ঘন জঙ্গল, চা বাগানের ঝোপঝাড়ের মাঝে এবং লোকালয়ের কাছাকাছি অবস্থানের কারণে মাঝেমধ্যেই লোকালয় ও চা বাগানের ভিতরে বন্যপ্রাণীর উপস্থিতি ঘিরে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে চা গাছের আড়ালে চিতাবাঘের লুকিয়ে থাকার আশঙ্কা শ্রমিকদের কাছে বরাবরের জন্যই উদ্বেগের কারণ। কাজের প্রয়োজনে প্রতিদিনই বাগানের বিভিন্ন সেকশনে যাতায়াত করতে হয় তাঁদের। ফলে যে কোনও সময় বিপদের আশঙ্কা থেকেই যায়। রিয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে চিতাবাঘড়ি ধরা পড়ায় আপাতত সেই আশঙ্কা অনেকটাই কমেছে। তবে এবার বন দফতরের তৎপরতায় চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় আপাতত স্বস্তিতে রিয়াবাড়ি চা বাগানের শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। এদিকে, বন দফতরের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যপ্রাণীর দেখা মেলে নিজেরা কাছে যাওয়া বা তাকে বিরক্ত করার পরিবারকে দ্রুত বন দফতরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।



