স্বাধীনতা দিবসে বিজেপি-সহ বিরোধীদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যে বাক্ স্বাধীনতা হরণ করা হচ্ছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।
বিজেপিকে কটাক্ষ করে কল্যাণ বলেন, 'বিজেপি বুঝে গেছে, ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে।' পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ,'এরা সুযোগসন্ধানী। এরা রাজনীতিতে পচা। এরা মানুষের কাছে যায় না। মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে।
অনন্ত মহারাজকে ঘিরেও বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে চাইলে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে গ্রেফতার করার নির্দেশ দিলেন না কেন? কল্যাণের দাবি, 'অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাহস নেই। এটা শুধু লোক দেখানো।'
অন্যদিকে, লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম্ গাওয়া প্রসঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন কল্যাণ। তাঁর প্রশ্ন, ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকার পর এতদিন কেন বন্দে মাতরম বাজানো হয়নি। উনি তো সব। তাহলে ওনার ব্যর্থতা সেটা। স্বাধীনতা দিবসের দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে।