কেন্দ্রের E20 পেট্রল নীতির বিরুদ্ধে ফের সরব অরবিন্দ কেজরীবাল। ইথানল মিশ্রিত পেট্রলের নীতি প্রত্যাহারের দাবিতে আগামী ৪ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মিছিলের ডাক দিলেন আম আদমি পার্টির প্রধান। টাউন হলে এক ভাষণে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি। কেজরীবাল জানান, মঙ্গলবার দুপুর ১২টায় প্রায় ১০০ জনকে সঙ্গে নিয়ে মিছিলে হাঁটবেন তিনি।
কেজরীবালের অভিযোগ, পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে গাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি মাইলেজও কমছে। এই নীতি নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই সরকারের সামনে তিনটি দাবি রেখেছেন আপ প্রধান। তাঁর দাবি, পেট্রল পাম্পে সাধারণ পেট্রল ও E20 পেট্রলের মধ্যে পছন্দের সুযোগ দিতে হবে গ্রাহকদের। পাশাপাশি পেট্রলের দাম লিটারপ্রতি ৮৪ টাকা থেকে কমানোর এবং ইথানলের দাম কমানোর দাবিও জানিয়েছেন তিনি।
এর আগে সাংবাদিক বৈঠকেও E20 নীতি নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছিলেন কেজরীবাল। তাঁর দাবি ছিল, সমস্যা বড় আকার নেওয়ার আগেই সরকারকে পদক্ষেপ করতে হবে। মানুষের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাইলেজ কমে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, E20 নীতিকে ঘিরে ‘ই-২০ জনতা পার্টি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা বাড়ছে সংগঠনটির। ফলে E20-কে কেন্দ্র করে আগামী দিনে আরও বড় আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে।