নিউজ ডেস্ক: সামনেই ছটপুজো। তার আগেই সেজে উঠছে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাটগুলি। ছট পুজো উত্তর ভারতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসব। উৎসবের মরশুমে শহরের পরিবেশকে আরও মনোরম করে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। এবার ছটপুজো উপলক্ষে কলকাতার রাস্তায় এবার ছড়ানো হবে গোলাপজল। শুধু সুগন্ধ ছড়ানোই নয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেও এই পদক্ষেপ করা হচ্ছে। মিস্ট ক্যাননের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং গঙ্গার ঘাটে জল ও গোলাপজলের মিশ্রণ স্প্রে করা হবে। এই মর্মে পুরসভার কমিশনারের অফিস থেকে পুর অফিসারদের কাছে একটি নির্দেশিকাও গিয়েছে বলে খবর।
রাজ্যের পুরমন্ত্রীর বলেছিলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে পুরসভার তরফে শহরের রাস্তাঘাটে নিয়মিত জল স্প্রে করা হয়। দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর মতো বিশেষ উৎসবের দিনগুলিতে সেই জলের সঙ্গে এ বার গোলাপজল মিশিয়ে স্প্রে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন ধুলো-দূষণ কমবে, তেমনই রাস্তাঘাটে গোলাপের সুগন্ধ ছড়িয়ে পড়বে বলে পুরমন্ত্রী জানিয়েছিলেন। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বার্তার পরেই এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রে খবর, আগামী রবিবার ও সোমবার, ছটপুজোর দু’দিন এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে। ইতিমধ্যেই পুর কমিশনারের দফতর থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কাশীপুর, চিৎপুর, বিডন স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং এসএন ব্যানার্জি রোডের মতো ব্যস্ত রাস্তায় গোলাপজল স্প্রে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নিমতলা ঘাট ও বাজে কদমতলা ঘাটেও এই ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় জীবাণুনাশক স্প্রে করার জন্য কলকাতা পুরসভা দুটি মিস্ট ক্যানন কিনেছিল। বর্তমানে সেই যন্ত্র ব্যবহার করেই শহরের রাস্তায় জল স্প্রে করা হয়। এবার ছটপুজোয় সেই মিস্ট ক্যাননেই জল মিশিয়ে গোলাপজল ছড়ানো হবে। পুরসভার আশা, এর ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলবে। পাশাপাশি উৎসবের দিনগুলিতে শহরের রাস্তাঘাটে ছড়িয়ে পড়বে গোলাপের সুগন্ধ।




