নিউজ ডেস্ক: অবশেষে নিউমার্কেট হোটেল অগ্নিকাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। ৯০ দিনের মধ্যেই ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। প্রায় ৩৫০ পাতার চার্জশিটে নাম রয়েছে হোটেলের মালিক-সহ তিন অভিযুক্তের। বৃহস্পতিবার বিকেলে বীরেশ্বর মিত্র, ব্যবসায়ী আবু জাফর এবং তাঁর স্ত্রী সাবা জাফরের বিরুদ্ধে চার্জশিট জমা দেন লালবাজারের বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। চার্জশিটে ৯০ জন সাক্ষীর বয়ান এবং ফরেন্সিক রিপোর্টও যুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, মানুষের জীবন বিপদে ফেলা এবং ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে।
গত ১৯ অগাস্ট ভোররাতে নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাত জন বাংলাদেশি নাগরিক-সহ মোট ন’জনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, একটি আবাসিক ভবনকে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই হোটেলে পরিণত করা হয়েছিল। হোটেলের ঘরগুলিকে ভেঙে ছোট ছোট ঘর করা হয়েছিল। পাশাপাশি, নিয়ম না মেনে একাধিক এসি বসানোর ফলে বৈদ্যুতিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। বিদ্যুতের ওভারলোড থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভা ও দমকল দফতরের কাছে আবেদন করা হলেও হোটেল চালানোর প্রয়োজনীয় অনুমতি মেলেনি। তা সত্ত্বেও চলছিল হোটেল ব্যবসা। মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় আবু জাফর হোটেলটি নিয়েছিলেন বলে তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে পারেন, হোটেলের তিনটে ও চারটে তলার অংশ লিজের ভিত্তিতে চালানো হচ্ছিল। প্রাথমিক নথি যাচাইয়ের পর স্পষ্ট হয়, হোটেলের মূল লিজ নেওয়া হয়েছিল আবু জাফরের স্ত্রী সাবা জাফরের নামে। তাঁর স্ত্রী সাবা জাফরের নামেই ছিল লিজ। এবার চার্জশিট জমা পড়ায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হতে চলেছে।




