কলকাতা, নিউজ ডেস্ক: জোর করে চাঁদা আদায়ের চেষ্টায় বড় পদক্ষেপ। চাঁদার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ জানাতে, এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। কোনও ব্যক্তি বা সংগঠনের তরফে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা হলে নাগরিকরা পুলিশের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। মূলত, পুজোর আগে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ মানুষকে যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর কলকাতা পুলিশের।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, চাঁদা দেওয়ার জন্য কাউকে জোর করা হলে বা কোনওভাবে চাপ সৃষ্টি করা হলে সেই বিষয়ে পুলিশকে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর ঘটনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জোর করে চাঁদা আদায়ের অভিযোগ জানাতে 1800-345-5678 নম্বরে ফোন করা যাবে। এছাড়াও 94326-24365 নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা।
পাশাপাশি, চাঁদার জুলুম নিয়ে অভিযোগ এলেই কলকাতার সমস্ত থানার ওসিকে কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। বুধবার ভিডিয়ো কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। সিপির কথায়, 'পুজোর প্রস্তুতি নিয়ে দফায় দফায় পুজো কমিটির সঙ্গে থানা লেভেলে মিটিং করতে হবে। আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেনে অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ৫টি বড়ো পুজোর উদ্ধোধন করার কথা রয়েছে। সে বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে।'
সামনে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। পুজোর মরশুমে শহরের বিভিন্ন এলাকায় চাঁদা সংগ্রহ শুরু হয়েছে। এই সময় চাঁদার নামে জোরজবরদস্তি বা কোনও ধরনের হয়রানির অভিযোগ এলে দ্রুত পুলিশের নজরে আনার জন্যই এই হেল্পলাইন চালু করা হয়েছে। নাগরিকদেরও এমন কোনও ঘটনার মুখোমুখি হলে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, পুজোর সময় কলকাতার বড়ো পুজো প্যান্ডেলগুলিতে শিশুরা যেন হারিয়ে না যায় বা হারালে দ্রুত পরিবারের কাছে ফেরানো যায়, সেজন্য কিয়স্ক তৈরি করে প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। বড় বড় প্যান্ডেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরাসরি নজরদারি চালানো হবে। পুজো প্যান্ডেলে কলকাতা পুলিশের সাইবার, ব্যাংক ফ্রড, মহিলা হেল্পলাইন নম্বর সহ প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।