কলকাতা, নিউজ ডেস্ক: খাস কলকাতায় লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গড়িয়ার ফরতাবাদ এলাকার একটি ফ্ল্যাটে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। বাড়ি বারাসতে। পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন। প্রেমিকার সঙ্গে গড়িয়ায় থাকতেন। ইতিমধ্যে, অভিযুক্ত প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিকার নাম সঞ্চালিকা বসু এবং তাঁর মায়ের নাম মৌমিতা বসু। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা সার্থক ফরতাবাদের একটি ফ্ল্যাটে সঞ্চালিকার সঙ্গে থাকতেন। শনিবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীনই চরম উত্তেজনার বশে সঞ্চালিকা একটি ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে কোপ মারেন বলে অভিযোগ। তখন চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন সেখানে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
খবর পাওয়ার পর গড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তারপর অভিযুক্ত তরুণী সঞ্চালিকাকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্ত তরুণীর মা মৌমিতা বসুকে আটক করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। খুনের ঘটনায় তিনি যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ তদন্তকারীদের। শুধুই কি বচসার জেরে এই ভয়াবহ ঘটনা, না কি এই খুনের নেপথ্যে অন্য কোনও গভীর রহস্য লুকিয়ে রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত মা ও মেয়েকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল কারণ জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।




